দাঁতে ফিলিং করিয়েছেন? সেরে ওঠার জন্য কিছুদিন এড়িয়ে চলুন এই খাবারগুলো

দাঁতে ফিলিং করার মাধ্যমে ডেন্টিস্টরা দাঁতে তৈরি হওয়া গহ্বর বা ক্যাভিটি ঠিক করে থাকেন। এই প্রক্রিয়া সফল হওয়ার জন্য এবং দ্রুত সেরে ওঠার জন্য যথাযথ মৌখিক স্বাস্থ্যবিধি বজায় রাখা অত্যন্ত জরুরি। তাই ফিলিং করানোর পর কিছু বিষয়ে সচেতন থাকা প্রয়োজন। কিছু খাবার আপনার ফিলিং করা জায়গায় ক্ষতি করতে পারে এবং উপকারের চেয়ে বেশি অপকার করতে পারে। নিশ্চয়ই এমন পরিস্থিতিতে পড়তে চান না? চলুন জেনে নেওয়া যাক, দাঁতে ফিলিং করালে কোন খাবারগুলো কিছুদিন এড়িয়ে চলা উচিত-
১. শক্ত খাবার: নর্ডেল ক্রসিং ডেন্টাল সেন্টারের মতে, দাঁতে ফিলিং করানোর পর শক্ত খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত। এর কারণ হলো এই ধরনের খাবার কামড়ানোর সময় আপনার দাঁতের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারে। এটি প্রতিরোধ করার জন্য কয়েক দিন চিপস, পপকর্ন এবং গ্রানোলার মতো মুচমুচে খাবার এড়িয়ে চলুন।
২. বাদাম: বাদাম আমাদের খাদ্যাভ্যাসে একটি চমৎকার সংযোজন। বিশেষজ্ঞরা এই পুষ্টিকর খাবার দিয়ে সকাল শুরু করার পরামর্শ দিয়ে থাকেন। তবে দাঁতে ফিলিং করানোর পরে এই বাদাম অবশ্যই খাদ্যতালিকা থেকে বাদ দিতে হবে। বাদামের গঠন বেশ শক্ত হয়ে থাকে। এই সময় বাদাম, কাজু বাদাম এবং আখরোটের মতো বাদাম চিবানো বেশ কঠিন হতে পারে, যার ফলে অস্বস্তি এবং ব্যথা অনুভূত হতে পারে।
৩. চকোলেট: চকোলেট সম্ভবত দাঁতের ফিলিং-এর পরে খাওয়া সবচেয়ে খারাপ জিনিসের মধ্যে অন্যতম। আমরা সকলেই জানি, চিনি আমাদের দাঁতের জন্য ভালো নয় কারণ এটি দাঁতের বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। আপনি যদি চকোলেট খান তবে তা সংক্রমণের ঝুঁকি বাড়াতে এবং আপনার সেরে ওঠার প্রক্রিয়া বিলম্বিত করতে পারে। তাই এই সময় টফি, ওয়েফার এবং বিস্কুটের মতো অন্যান্য সমস্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে যাওয়া উচিত।
৪. অত্যন্ত গরম বা ঠান্ডা খাবার: আপনি যে খাবার এবং পানীয় গ্রহণ করছেন তার তাপমাত্রা সম্পর্কেও সচেতন থাকতে হবে। অত্যন্ত গরম বা ঠান্ডা যেকোনো কিছুই সংবেদনশীলতা সৃষ্টি করতে পারে, যার ফলে অস্বস্তি হতে পারে। এর পরিবর্তে শুধুমাত্র ঘরের তাপমাত্রায় থাকা খাবার খাওয়া উচিত। এভাবে খেলে দাঁতের গহ্বরের জায়গায় অস্বস্তি বা ব্যথা অনুভব করবেন না এবং দ্রুত সেরে উঠবেন।
৫. আপেল: প্রতিদিন একটি আপেল ডাক্তারকে দূরে রাখে, তবে আপনার দাঁতে ফিলিং করানোর পরে এই ফল কিছুদিন না খাওয়াই ভালো। আপেল কুড়কুড়ে এবং গঠনে শক্ত হয়ে থাকে। এটি আপনার দাঁতের ওপর চাপ সৃষ্টি করতে পারে। এই সময় কলা এবং পেঁপের মতো নরম ফল বেছে নিন।
দাঁতের ফিলিং সঠিকভাবে সেরে ওঠার জন্য উপরোক্ত খাবারগুলো কিছুদিন এড়িয়ে চলুন এবং আপনার ডেন্টিস্টের দেওয়া পরামর্শ মেনে চলুন। সঠিক পরিচর্যা দ্রুত আপনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করবে।