ছোট্ট আমলকি, গুণ অগুনতি! ডালিমের চেয়ে ১৭ গুণ বেশি অ্যান্টিঅক্সিডেন্ট, বাঁচাবে কঠিন রোগ থেকেও

দেখতে ছোট হলেও একটি মাঝারি আকারের কমলার চেয়েও বেশি ভিটামিন সি ধারণ করে আমলকি। বিজ্ঞানীরা বলছেন, এই ছোট্ট ফলটিতে ডালিমের চেয়েও প্রায় ১৭ গুণ বেশি অ্যান্টি-অক্সিডেন্ট বিদ্যমান। হাজারো পুষ্টিগুণে ভরপুর আমলকি হজমশক্তি বৃদ্ধি থেকে শুরু করে গ্যাস্ট্রিকের সমস্যা পর্যন্ত দূর করতে সক্ষম।
আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, ডায়াবেটিস ও ক্যান্সার নিয়ন্ত্রণেও আমলকির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি মাত্র আমলকিতেই রয়েছে অসংখ্য গুণ। বার্ধক্য প্রতিরোধ, চুল ঘন ও লম্বা করা এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এটি সহায়ক। আমলকি একটি অন্যতম প্রাকৃতিক টনিক। এটি ত্বককে উজ্জ্বল করে, রক্তকে বিশুদ্ধ করে এবং চোখের দৃষ্টিশক্তি উন্নত করতেও সাহায্য করে।
আয়ুর্বেদ শাস্ত্র মতে, প্রতিদিন সকালে খালি পেটে আমলকি খেলে বহু রোগ থেকে মুক্তি পাওয়া যায়। কাঁচা আমলকি, আমলকির চাটনি বা মিছরিও খাওয়া যেতে পারে। তবে প্রতিদিন সকালে একটি করে কাঁচা আমলকি খেলেই কঠিন রোগ-ব্যাধি থেকে রক্ষা পাওয়া সম্ভব। জেনে নিন নিয়মিত আমলকি খেলে আপনি যেসব রোগ থেকে বাঁচতে পারেন:
সর্দি-কাশি প্রতিরোধে: আমলকিতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এর ফলে বিভিন্ন ভাইরাল সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। সর্দি-কাশির সমস্যা থেকে মুক্তি পেতে দিনে দুই চা চামচ আমলকির গুঁড়ো সামান্য মধুর সঙ্গে মিশিয়ে ৩-৪ বার পান করুন, দ্রুত স্বস্তি মিলবে।
দৃষ্টিশক্তি বাড়ায়: গবেষণায় দেখা গেছে, আমলকির ক্যারোটিন দৃষ্টিশক্তি উন্নত করে। প্রতিদিন আমলকি খেলে চোখের ছানির সমস্যা বা চোখের ফোলাভাব দূর হয়। পাশাপাশি লালচে চোখ, চুলকানি এবং চোখ দিয়ে জল পড়ার সমস্যাও কমে।
মেদ কমায়: ওজন নিয়ন্ত্রণে আমলকি অত্যন্ত কার্যকরী। নিয়মিত আমলকি সেবনকারীদের অনেকেই মনে করেন, খাওয়ার আগে এক গ্লাস জলে আমলার গুঁড়ো বা রস মিশিয়ে পান করলে পেট ভরে যায় এবং কম খাওয়া হয়। এর ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। পুষ্টিবিদরা বলছেন, আমলকি বিপাক প্রক্রিয়াকেও বাড়িয়ে তোলে, যার ফলে অতিরিক্ত ওজন কমতে শুরু করে। আমলাকিতে উচ্চমাত্রায় ফাইবার এবং ট্যানিকের মতো অ্যাসিড থাকায় এটি কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি দেয়। শরীরের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতির ফলে আপনার ওজন দ্রুত কমবে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: আমলকির অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যাস্ট্রিনজেন্ট বৈশিষ্ট্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ক্যান্সারসহ বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ অক্সিডেটিভ ক্ষতির কারণে হয়। যখন দেহের কোষগুলো অক্সিজেন ব্যবহার করে, তখন তারা ফ্রি র্যাডিক্যালস নামক ক্ষতিকারক উপজাত তৈরি করে। আমলকিতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট থাকায় এটি এই ক্ষতি পুষিয়ে নিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়।
চুল সুন্দর করে: আমলকি শুধু স্বাস্থ্যের জন্যই নয়, চুলের জন্যও একটি কার্যকরী টনিক। এটি চুল পড়া বন্ধ করে, খুশকি রোধ করে, চুলের ফলিকেলগুলো শক্তিশালী করে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়। যার ফলে চুলের বৃদ্ধি ঘটে। আমলকি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে। আমলকির হেয়ারপ্যাক ব্যবহারের ফলে চুল হয় ঝলমলে, কোমল আর শক্তিশালী। নিয়মিত আমলার তেল ও হেনার সাথে আমলা গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করা যেতে পারে।
ত্বকের যত্নে: আমলকিতে অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য বিদ্যমান। প্রতিদিন সকালে মধুর সঙ্গে আমলকির রস পান করলে দাগহীন, স্বাস্থ্যকর এবং উজ্জ্বল ত্বক পাওয়া যায়।
কোলেস্টেরল দূর করে: নিয়মিত আমলকি গ্রহণের ফলে শরীরের খারাপ কোলেস্টেরল দূর হয়। এটি ইনসুলিন উৎপাদন বাড়াতে সাহায্য করে, ফলে ডায়াবেটিস রোগীদের রক্তের গ্লুকোজের পরিমাণ কমে। রক্তচাপ বেশি থাকলেও প্রতিদিন সকালে খালি পেটে আমলার রস পান করলে রক্তচাপের স্তর দ্রুত নিয়ন্ত্রণে আসে।
ব্যথা থেকে মুক্তি দেয়: জয়েন্টে ব্যথা বা আর্থ্রাইটিসের সমস্যায় আমলকি দারুণ কাজ করে। এর অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য শরীরের বিভিন্ন প্রদাহ থেকে মুক্তি দিতে সহায়ক।
আমলা কীভাবে খাবেন?
সবচেয়ে বেশি উপকার পেতে তাজা আমলার রস পান করাই ভালো। তবে আমলকির টক ও তেঁতো স্বাদের জন্য রস খেতে অসুবিধা হলে জলের সঙ্গে আমলকির গুঁড়ো মিশিয়ে পান করতে পারেন। এছাড়াও, আমলকি কেটে ছোট ছোট টুকরো করে অল্প লবণের সঙ্গে মিশিয়ে রোদে শুকিয়ে মুখশুদ্ধি হিসেবেও খেতে পারেন।