চিপসের প্যাকেট কেন অর্ধেক খালি থাকে? রহস্য ফাঁস!

আপনি যদি ফাস্টফুড ভালোবাসেন, তবে চিপসও আপনার পছন্দের তালিকায় থাকা স্বাভাবিক। নানান স্বাদের ও আকারের চিপসের প্রতি আমাদের আকর্ষণ কখনোই কমে না। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই আমাদের মনে উঁকি দেয় – দেশি বা বিদেশি, যত দামি চিপসই কিনুন না কেন, প্যাকেট কেন কখনোই পুরোপুরি ভরা থাকে না? প্রতিটি চিপসের প্যাকেটই যেন অর্ধেক খালি! এর পেছনে কি কোনো রহস্য আছে? আসলে এর পেছনে রয়েছে খুবই যুক্তিসংগত কারণ।
যে কারণে চিপসের প্যাকেট অর্ধেক খালি থাকে
চিপস তৈরির প্রতিষ্ঠানগুলো ইচ্ছাকৃতভাবেই প্যাকেজিংয়ের সময় প্যাকেটের অর্ধেক অংশ চিপস দিয়ে পূর্ণ করে বাকি অর্ধেক খালি রাখে। এর প্রধান কারণ হলো, যদি প্যাকেট চিপস দিয়ে সম্পূর্ণ ভরা থাকতো, তবে প্যাকেটের সব চিপস ভেঙে গুঁড়ো হয়ে যেত। চিপস তৈরির কারখানা থেকে আপনার দোকান পর্যন্ত পৌঁছাতে চিপসকে নানান হাত এবং অনেক পথ পাড়ি দিতে হয়। এত দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় প্যাকেটে থাকা একটি চিপসও আস্ত থাকতো না।
ক্রেতাদের খুশি করার জন্য যদি চিপস তৈরির প্রতিষ্ঠানগুলো প্যাকেট ভরা চিপস বিক্রিও করতো, আপনি যখন তা কিনতেন, তখন দেখতে পেতেন প্যাকেটের ভেতরে আস্ত চিপস নয়, আছে শুধুই চিপসের গুঁড়ো। তাই চিপস অক্ষত রাখতে এই পদ্ধতি অনুসরণ করা হয়।
চিপসের প্যাকেটে এত বাতাস থাকে কেন?
অনেকেই আক্ষেপ করেন যে, চিপসের প্যাকেটে চিপসের চেয়ে বাতাসই বেশি থাকে। এই বাতাসটি কিন্তু সাধারণ বাতাস নয়, এটি হলো নাইট্রোজেন গ্যাস। চিপসকে কুড়মুড়ে ও ফ্রেশ রাখার জন্যই চিপসের প্যাকেট নাইট্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ করা হয়। নাইট্রোজেন গ্যাস ছাড়া চিপস একেবারেই নরম হয়ে যেত এবং দ্রুত নষ্ট হয়ে যেত।
১৯৯৪ সালে কিছু বিজ্ঞানী আবিষ্কার করেন যে, নাইট্রোজেন গ্যাসের সংস্পর্শে প্যাকেটজাত চিপস একদম মচমচে ও ফ্রেশ থাকে। শুধু তাই নয়, কিছু চিপসের ক্ষেত্রে নাইট্রোজেন গ্যাস তাদের স্বাদও বাড়িয়ে দেয়। চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস মূলত এই কারণেই ব্যবহার করা হয়। এছাড়াও, চিপসের প্যাকেটে গ্যাস থাকার ফলে প্যাকেটজাত চিপসগুলো পরিবহনের সময় সুরক্ষিতও থাকে, যা ভাঙা বা গুঁড়ো হওয়া থেকে রক্ষা করে।
এরপরেও চিপস কেনার সময় যদি আপনার মনের ভেতর খুঁতখুঁত করে, তবে জেনে রাখুন, চিপসের প্যাকেটে চিপসের নেট ওজন লিখে দেওয়া থাকে। এই ওজন প্যাকেটের ভেতরে থাকা চিপসের প্রকৃত ওজন প্রকাশ করে, পুরো প্যাকেটের নয়। তাই নিশ্চিন্তে আপনার প্রিয় চিপস উপভোগ করুন!