ঘুমের অভাব নয়, অন্য কারণেও হতে পারে চোখের নিচে কালি! সমাধান কী?

অনেক সময় পর্যাপ্ত ঘুমের অভাবে চোখের নিচে কালো দাগ দেখা যায়, যা দ্রুত চলেও যায়। কিন্তু যদি পর্যাপ্ত ঘুম হওয়ার পরও চোখের নিচে কালি পড়ে, তবে তা চিন্তার বিষয়। কারণ কিছু গুরুতর অসুস্থতার কারণেও এমনটা হতে পারে। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, ক্ষতিকর কোলেস্টেরল এর কারণ হতে পারে। যারা সারাক্ষণ চশমা পরেন, তাদেরও চোখের নিচে কালো দাগ পড়তে পারে। আবার রাতের পর রাত জেগে থাকার অভ্যাস থাকলে চোখের নিচে কালি স্থায়ী হতে পারে।
অনেকেই চোখের নিচের কালো দাগ কমানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করেন, কিন্তু অনেক সময় তা সহজে কমানো সম্ভব হয় না। স্থায়ী সমাধানের জন্য একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া সবচেয়ে বেশি উপকারী। তবে এর পাশাপাশি কিছু ঘরোয়া পরিচর্যাও আপনাকে করতে হবে। নিয়মিত এই যত্ন নিলে চোখের নিচের কালো দাগ অনেকটাই হালকা হয়ে আসবে।
কীভাবে চোখের নিচের কালো দাগ দূর করবেন?
চোখের নিচের কালো দাগ দূর করতে কিছু সহজ টিপস অনুসরণ করতে পারেন:
আন্ডার আই ক্রিম ব্যবহার: প্রতিদিন রাতে ঘুমানোর আগে চোখের নিচে আন্ডার আই ক্রিম ব্যবহার করুন। এটি আপনার চোখের নিচের ত্বককে পাতলা রাখতে সাহায্য করে, ফলে সহজে কালো দাগ পড়ে না। ক্রিম কেনার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন, কারণ তিনি আপনার ত্বকের জন্য সঠিক ক্রিমটি বেছে দিতে পারবেন।
সিরাম ব্যবহার: চোখের নিচের কালো দাগ দূর করতে ক্যাফেইনযুক্ত আই সিরাম ব্যবহার করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, সামান্য পরিমাণ ক্যাফেইনযুক্ত সিরাম নিয়মিত ব্যবহারে চোখের নিচের কালো দাগ কমে আসে। একইসঙ্গে চোখের নিচের শুষ্কভাবও কমবে।
ম্যাসাজ: চোখের নিচের কালো দাগ দূর করতে হালকা ম্যাসাজ খুবই কার্যকর। নিয়মিত চোখের নিচের অংশে আলতো হাতে ম্যাসাজ করুন। আঙুলের ডগা দিয়ে ক্রিম লাগানোর মতো করে চোখের চারপাশে ম্যাসাজ করতে থাকুন। এতে রক্ত সঞ্চালন ভালো হবে এবং ত্বকে টানটান ভাব আসবে।
পেপটাইডযুক্ত আই ক্রিম: চোখের নিচের কালো দাগ কমাতে পেপটাইডযুক্ত আই ক্রিম ব্যবহার করতে পারেন। এটি শুধু কালো দাগই নয়, চোখের নিচের ফোলাভাবও কমাতে সাহায্য করে।
ঠান্ডা চামচের ব্যবহার: একটি পরিষ্কার চা চামচ ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিন। এরপর সেটি বের করে চোখের নিচের অংশে হালকা করে চেপে ধরে রাখুন কিছু সময়ের জন্য। এই পদ্ধতি সপ্তাহে দুই-তিনদিন অনুসরণ করলে চোখের নিচের কালো দাগ অনেকটাই কমে আসবে।