গরমে এসি চালাচ্ছেন? বিদ্যুৎ বিল কমাতে জেনে নিন ৫ সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে জনজীবন অতিষ্ঠ। ফ্যান বা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) ছাড়া ঘরে টেকা দায়। এই সময় একটানা এসি চালানোর কারণে বিদ্যুৎ বিলও আকাশছোঁয়া হতে শুরু করে। অনেকেই বিদ্যুৎ বিলের ভয়ে ঘরে এসি থাকা সত্ত্বেও সারারাত তা চালাতে দ্বিধা বোধ করেন।
এসি চালালে বিদ্যুতের বিল স্বাভাবিকভাবেই একটু বেশি আসে। তবে গরমের অস্বস্তি থেকে বাঁচতে এটি চালানো অপরিহার্য। কিন্তু সামান্য বুদ্ধিমত্তা প্রয়োগ করলে এসি চালিয়েও বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক এসি চালিয়েও বিদ্যুৎ বিল কমানোর ৫টি কার্যকর উপায়:
১. টাইমার ব্যবহার করুন:
ঘুমোনোর সময় এসিতে টাইমার সেট করে রাখুন। সাধারণত ঘণ্টা দুয়েক এসি চললেই ঘর যথেষ্ট ঠান্ডা হয়ে যায়। এরপর আর এসির প্রয়োজন হয় না। তবে ঘুমিয়ে পড়লে অনেকেই উঠে এসি বন্ধ করতে ভুলে যান, ফলে সারারাত এসি চলতে থাকে এবং বিদ্যুৎ বিল বাড়ে। তাই ঘুমানোর আগে টাইমার সেট করলে নির্দিষ্ট সময় পর এসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এতে বিদ্যুৎ এবং অর্থ উভয়ই সাশ্রয় হবে।
২. ঘর ঠান্ডা রাখুন প্রাকৃতিকভাবে:
ঘরের তাপমাত্রা যত কম থাকবে, এসি তত দ্রুত ঘর ঠান্ডা করতে পারবে এবং কম সময় ধরে চালানোর প্রয়োজন হবে। এর ফলে বিদ্যুৎ বিলও কম আসবে। তাই দিনের বেলায় ঘরে মোটা পর্দা লাগান। এটি বাইরের গরম বাতাস ও আলো প্রবেশে বাধা দেবে, ফলে ঘর তুলনামূলকভাবে ঠান্ডা থাকবে এবং এসি কম চালালেও আরাম পাবেন।
৩. সঠিক তাপমাত্রা ও স্লিপ মোড ব্যবহার করুন:
এসির তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখুন। এটি স্বাস্থ্যের জন্য আরামদায়ক এবং বিদ্যুৎ সাশ্রয়ী। যদি সারারাত এসি চালু রাখতে চান, তাহলে ঘুমানোর আগে এসির স্লিপ মোড চালু করুন। স্লিপ মোডে এসি ধীরে ধীরে ঘরের তাপমাত্রা সামান্য বাড়ায় এবং কম বিদ্যুৎ ব্যবহার করে ঘর ঠান্ডা রাখে।
৪. পুরনো এসি পরিবর্তন করুন:
যেকোনো বৈদ্যুতিক যন্ত্র পুরোনো হয়ে গেলে তার কার্যকারিতা হ্রাস পায় এবং বেশি বিদ্যুৎ খরচ করে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। বেশি পুরনো এসি নতুন মডেলের তুলনায় বেশি বিদ্যুৎ ব্যবহার করে। তাই যদি আপনার এসিটি অনেক পুরনো হয়ে যায়, তাহলে একটি নতুন এবং বিদ্যুৎ সাশ্রয়ী মডেল কেনার কথা বিবেচনা করতে পারেন।
৫. নিয়মিত ফিল্টার পরিষ্কার করুন:
নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করা বিদ্যুৎ সাশ্রয়ের একটি গুরুত্বপূর্ণ উপায়। ফিল্টারে ধুলো ও ময়লা জমলে এয়ারফ্লো ব্যাহত হয়, যার ফলে এসিকে ঘর ঠান্ডা করতে বেশি শক্তি খরচ করতে হয় এবং বিদ্যুৎ বিল বাড়ে। তাই প্রতি মাসে অন্তত একবার এসির ফিল্টার পরিষ্কার করুন।
এই সহজ কৌশলগুলি অবলম্বন করে আপনি গরমে আরামও পাবেন এবং আপনার বিদ্যুৎ বিলও নিয়ন্ত্রণে রাখতে পারবেন। একটু সচেতন হলেই এসির ব্যবহারকে সাশ্রয়ী করা সম্ভব।