বন্ধুর অতিরিক্ত কৌতূহল? ব্যক্তিগত পরিসর রক্ষায় জানুন কৌশল

বন্ধুহীন জীবন অসম্পূর্ণ। জীবনের অনেক গোপন কথা বন্ধুর সঙ্গেই ভাগ করে নেওয়া যায়। তবে যদি কোনো বন্ধু আপনার অনুমতি বা আগ্রহের তোয়াক্কা না করে আপনার ব্যক্তিগত জীবনে অনধিকার প্রবেশ করতে চান, তবে সেই পরিস্থিতি একই সঙ্গে অস্বস্তিকর ও বিরক্তিকর হয়ে ওঠে। এমন বন্ধু বা বন্ধুদের মুখোমুখি হতেও তখন অনীহা জন্মায়।
কিন্তু এড়িয়ে যাওয়া সমস্যার সমাধান নয়। বরং, কেন কিছু মানুষ অপরের ব্যক্তিগত বিষয়ে এত কৌতূহলী হন, তা ভেবে দেখা প্রয়োজন। এঁরা প্রায়শই সামাজিক রীতিনীতি মানেন না এবং মনে করেন যেকোনো বিষয়ে যেকোনো ব্যক্তিকে প্রশ্ন করা যায়। এমন বন্ধু প্রায় সকলের জীবনেই কখনো না কখনো এসে থাকেন। তাই এই অতি কৌতূহলী বন্ধুদের সামলানোর কিছু কৌশল জেনে রাখা ভালো:
নিজের মুখ বন্ধ রাখুন:
অপরের মুখ বন্ধ করার সবচেয়ে সহজ উপায় হলো নিজের মুখ সংযত রাখা। আপনার দৈনন্দিন জীবনের ছোটখাটো খুঁটিনাটি বন্ধুদের সঙ্গে ভাগ করা থেকে বিরত থাকুন। আপনি নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে যত কম তথ্য দেবেন, তাদের আপনার ব্যক্তিগত পরিসরে প্রবেশের সুযোগও তত কম হবে।
রসবোধের আশ্রয় নিন:
জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো রসবোধ। এর মাধ্যমে একদিকে যেমন উপযুক্ত জবাব দেওয়া যায়, তেমনই রুঢ়তাও এড়ানো যায়। যদি কোনো বন্ধু আপনার বেতন বা মাসিক খরচ নিয়ে প্রশ্ন করেন, তবে হালকা সুরে বলুন, “ওটা একটা খুবই গোপন কথা যা শুধু আমার ট্যাক্স কনসালট্যান্ট বা ক্রেডিট কার্ড কোম্পানিই জানেন।” আশা করা যায়, এই উত্তরে কৌতূহলী বন্ধুটি আর অপ্রীতিকর প্রশ্ন করবেন না।
মাঝে মাঝে কঠোর হন:
যারা আপনার বন্ধু হলেও খুব ঘনিষ্ঠ নন, তাদের অতিরিক্ত কৌতূহল কঠোরভাবে মোকাবিলা করা উচিত। তবে যদি তিনি আপনার ঘনিষ্ঠ হন, তবে কৌশলী হন। সেক্ষেত্রে এমনভাবে উত্তর দিন যা সংক্ষিপ্ত হবে, কিন্তু যেখানে আর বাড়তি প্রশ্ন করার সুযোগ থাকবে না। তবে মনে রাখবেন, প্রশ্নকর্তা যতই ঘনিষ্ঠ হোন, তাকে খুশি করার দায় আপনার নেই। পাশাপাশি, ব্যক্তিগত প্রশ্ন আপনার অপছন্দ, এটিও স্পষ্ট করে দিন।
‘যেমন কুকুর তেমন মুগুর’ নীতি:
যদি কোনো ঘনিষ্ঠ বন্ধু হঠাৎ করেই আপনার ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহলী হয়ে ওঠেন এবং আপনি খুব বেশি রূঢ় হতে না চান, তবে পালটা তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করতে শুরু করুন। অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়লে আশা করা যায় বন্ধুটি নিবৃত্ত হবেন!
সরাসরি প্রতিবাদ করুন:
অন্যান্য সকল উপায় ব্যর্থ হলে সরাসরি জানানোই শেষ রাস্তা। স্পষ্টভাবে বন্ধুকে বলুন যে তার এই ধরনের ব্যক্তিগত প্রশ্নে আপনি বিরক্ত হচ্ছেন। এতে যদি বন্ধুত্ব ভেঙেও যায়, তবুও কিছু করার নেই! নিজের মানসিক শান্তি ও ব্যক্তিগত পরিসর রক্ষা করাই মুখ্য।