কান্নায় ভাসল বিগ বসের দুর্গ! তাপসকন্যা সোহিনীর বিদায়ের পরই ঘরে পা রেখেই ঝড় তুললেন স্প্লিটসভিলা খ্যাত অনুষ্কা

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’-র অন্দরে উত্তেজনার পারদ চড়ছে প্রতিদিন। উইকেন্ড মানেই সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘দাদার দরবার’ এবং কারও না কারও বিদায় ঘণ্টা। এবার দর্শকদের জনমত ও ভোটের ভিত্তিতে ঘর থেকে অপ্রত্যাশিতভাবে ছিটকে গেলেন প্রয়াত অভিনেতা তাপস পাল কন্যা সোহিনী পাল। সৌরভ গঙ্গোপাধ্যায় যখন তাঁকে দুর্গ ছাড়ার নির্দেশ দিলেন, তখন আবেগ ধরে রাখতে পারেননি তনুশ্রী ও ঝিলমেরা। সোহিনীকে বুকে টেনে নিয়ে সৌরভ অত্যন্ত স্নেহের সুরে বলেন, “তোমাকে আমি অনেক ছোট থেকে দেখেছি। আমার সন্তানসম। তুমি আমার খুব কাছের।”
তবে সোহিনীর বিচ্ছেদের সেই বিষাদ কাটতে না কাটতেই বিগ বসের ঘরে ঘটে গেল বিরাট এক চমক। নতুন প্রতিযোগী তথা স্প্লিটসভিলা খ্যাত জনপ্রিয় মডেল অনুষ্কা ঘোষ ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে পা রাখতেই পুরো আবহাওয়া মুহূর্তের মধ্যে বদলে গেল। ঘরে প্রবেশ করেই তিনি কাউকে সময় না দিয়ে সকলকে একসঙ্গে ডেকে পাঠান। কার বিরুদ্ধে দর্শকের মনে কী ধারণা তৈরি হয়েছে এবং কার কোন জায়গার সংশোধন প্রয়োজন, তা সোজাসাপ্টা মুখের ওপর শুনিয়ে দেন তিনি। শুরুতেই তিনি প্রতিযোগী নন্দিনীকে অত্যন্ত চড়া সুরে আক্রমণ করেন। জিতুকে ‘দাদা’ বলে সম্বোধন করায় যখন নন্দিনী খোঁচা দেন, তখন অনুষ্কা পাল্টা তোপ দেগে বলেন, “সবাই কি তোমার মতো প্রেম করতে এসেছে বাবু?”
শুধু নন্দিনী নন, দুর্নিবার থেকে শুরু করে ভরত কল ও দীপেন্দু—প্রত্যেকের ভালো-মন্দ দিক নিয়ে তিনি খোলাখুলি আলোচনা করেন। বিশেষ করে সৃজলার সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে সরাসরি নন্দিনীকে আক্রমণ করে অনুষ্কা বলেন, “খেলায় ভুল হতেই পারে, কিন্তু তুমি তোমার দোষ দেখতে পারো না। সৃজলার ঘটনায় তুমি ভুল করেছো তা মানোনি, অনুশোচনাই হয়নি।” এরপর গার্ডেন এরিয়ায় রাজবীরকে একা ডেকে কড়া ভাষায় বোঝান যে, নন্দিনীর চক্রে পড়ে তাঁর ব্যক্তিগত খেলা নষ্ট হচ্ছে। সবমিলিয়ে, অনুষ্কার এই ঝোড়ো এন্ট্রি যে বিগ বসের অন্দরে নতুন কোনো রাজনৈতিক ও মানসিক যুদ্ধের সূচনা করল, তা বলাই বাহুল্য।