শেয়ার বাজারে বড় ধস! সপ্তাহের শুরুতেই সেনসেক্স পটল তুলল সাড়ে ৭০০ পয়েন্ট, নিফটি নামল কতটা?

সপ্তাহের প্রথম কার্যদিবসেই বড় ধাক্কা খেল ভারতীয় শেয়ার বাজার। সোমবার বাজার খোলার পর থেকেই সেনসেক্স ও নিফটিতে ব্যাপক পতন দেখা যায়। সকালের দিকে বিএসই সেনসেক্স একসময়ে ৭৫০ পয়েন্টেরও বেশি পড়ে যায়। অন্যদিকে, নিফটি সূচক ২৩ হাজার পয়েন্টের নিচে নেমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার যেখানে বিএসই সেনসেক্স ৭৩,৮৯৫ পয়েন্টে বন্ধ হয়েছিল, সোমবার তা সামান্য কমে ৭৩,৭৩৪ পয়েন্টে খুললেও মুহূর্তের মধ্যে দ্রুত পতন শুরু হয় এবং তা ৭৩,১৩৮ পয়েন্টের আশপাশে নেমে আসে।
একই ছবি দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) নিফটির ক্ষেত্রেও। শুক্রবার ২৩,১৪০ পয়েন্টে বন্ধ হওয়া নিফটি সোমবার সকালে ২৩,০৬৫ পয়েন্টে খোলার পর দ্রুত নিম্নমুখী হয় এবং একসময় প্রায় ২৭১ পয়েন্ট কমে ২২,৮৬৯ পয়েন্টে লেনদেন করতে শুরু করে। বিশেষ করে বিএসই-র লার্জক্যাপ বিভাগের ৩০টি শেয়ারের সবকটিই এদিন লাল রঙে লেনদেন করছিল।
সবচেয়ে বেশি বিক্রির চাপ দেখা গিয়েছে দেশের বড় বড় কর্পোরেট ও আর্থিক প্রতিষ্ঠানগুলির শেয়ারে। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে এইচডিএফসি ব্যাঙ্ক প্রায় ১.৯০ শতাংশ, কোটাক ব্যাঙ্ক ১.৮০ শতাংশ এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) প্রায় ১.৬০ শতাংশ পড়েছে। পাশাপাশি, হিন্দুস্তান ইউনিলিভার (HUL) ১.৫৮ শতাংশ, ট্রেন্ট ১.৫৬ শতাংশ, বাজাজ ফাইন্যান্স ১.৪০ শতাংশ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ১.৩৫ শতাংশ এবং আইসিআইসিআই ব্যাঙ্ক ১.৩৪ শতাংশ পতনের মুখে পড়েছে। শেয়ার বাজারের এই রক্তক্ষয়ী পতনের সরাসরি প্রভাব পড়েছে ব্যাঙ্কিং ও আইটি সেক্টরেও। বিএসই ব্যাঙ্কেক্স প্রায় ১.৬০ শতাংশ এবং আইটি সূচক প্রায় ১.১০ শতাংশ কমে যাওয়ায় সপ্তাহের শুরুতেই লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।