বাংলায় বেনোজল রুখতে কড়া বার্তা! বিজেপির সর্বভারতীয় সভাপতির নিউটাউন বৈঠকে কড়া নির্দেশিকা

বাংলার মাটিতে পা রেখেই দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং শুদ্ধিকরণের ওপর সর্বোচ্চ জোর দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। দুদিনের গুরুত্বপূর্ণ বঙ্গ সফরে এসে রবিবার নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে দফায় দফায় একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। সাম্প্রতিক সময়ে দলের অন্দরে বেশ কিছু বিতর্কিত ও অনভিপ্রেত ঘটনা এবং নেতার অনুগামীদের আচরণ নিয়ে প্রশ্ন ওঠার পর, এদিনের বৈঠকে কড়া বার্তা দিয়েছেন সর্বভারতীয় সভাপতি। সূত্রের খবর, দলীয় নেতৃত্বকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে তৃণমুল বা অন্য দল থেকে আসা সুবিধাবাদী বা দলবিরোধী উপাদান কোনোভাবেই বিজেপিতে প্রবেশ করতে না পারে। বিশেষ করে শমীক ভট্টাচার্যের নতুন রাজ্য কমিটি ঘোষণার প্রেক্ষাপটে এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

রবিবার সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই ম্যারাথন বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় নেতা সহ রাজ্য কমিটির পদাধিকারী, বিধায়ক এবং মন্ত্রীরা। নিউটাউনের বৈঠকে নিতিন নবীন স্পষ্ট ভাষায় জানান যে, বিজেপি যেন কোনোভাবেই অন্য দলের ‘তৃণমূলীকরণ’-এর পথে না হাঁটে। নিয়ম বহির্ভূতভাবে বা স্বঘোষিতভাবে দলে এন্ট্রি পাওয়ার দিন শেষ। শুধুমাত্র অনুমোদিত ও নির্দিষ্ট নিয়ম মেনে যাঁরা আসবেন, তাঁদেরই দলে জায়গা দেওয়া হবে। একই সঙ্গে, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বা দলের নাম ভাঙিয়ে কতিপয় নেতার বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের যে অভিযোগ উঠেছে, সে বিষয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। মন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে, সুপারিশের ভিড়ে না গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়িয়ে দলের সাংগঠনিক ভিত আরও শক্ত করতে হবে।

সামনেই রয়েছে দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং পুজোর পরেই গুরুত্বপূর্ণ পৌরসভা ভোট। এই দ্বৈত লড়াইয়ের কথা মাথায় রেখে নতুন রাজ্য কমিটির সামনে বিস্তারিত গাইডলাইনও বেঁধে দিয়েছেন সর্বভারতীয় সভাপতি। শুধুমাত্র সরকারি নীতির ওপর ভরসা না করে বুথ স্তরে সংগঠনের শক্তি বাড়াতে কঠোর পরিশ্রমের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, সোমবার এয়ারপোর্ট সংলগ্ন একটি পাঁচতারা হোটেলে যুব মোর্চা আয়োজিত ‘যুব ভারত সংলাপ’ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে রাজ্যের তরুণ প্রজন্ম তথা ‘জেন জি’-র মন বুঝতে এবং তাঁদের মতামত সরাসরি শুনতে এক বিশেষ আলোচনায় বসবেন তিনি। সার্বিকভাবে, নিতিন নবীনের এই দুই দিনের ঝোড়ো সফর যে বঙ্গ বিজেপির অন্দরে বড়সড় পরিবর্তনের বার্তা দিচ্ছে, তা বলাই বাহুল্য।