গরমেও দীর্ঘক্ষণ থাকুক প্রিয় সুগন্ধ, জেনে নিন পারফিউম ব্যবহারের সঠিক নিয়ম

আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হলো পারফিউম বা বডি স্প্রে। বিশেষ করে গ্রীষ্মেরকালে, পারফিউম ছাড়া বাইরে বের হওয়ার কথা ভাবাই যায় না। সকলেই চান তাদের পারফিউমের সুগন্ধ দীর্ঘক্ষণ টিকে থাকুক, যাতে সারাদিন শরীর থাকে সতেজ ও আকর্ষণীয় গন্ধে মোহিত। কিন্তু প্রায়শই দেখা যায়, ব্যবহারের কিছুক্ষণ পরই সুগন্ধ উধাও হয়ে যায়।
তবে সুগন্ধী বা পারফিউমের সুগন্ধ দীর্ঘস্থায়ী করার রয়েছে কিছু বিশেষ নিয়ম। সুগন্ধি ব্যবহারের নির্দিষ্ট কিছু স্থান রয়েছে, যেখানে স্প্রে করলে আপনার পছন্দের সুঘ্রাণ দীর্ঘ সময় ধরে আপনাকে ঘিরে রাখবে।
স্নানের পর:
পারফিউম বা বডি স্প্রে ব্যবহারের সেরা সময় হলো স্নানের ঠিক পরপরই। ভেজা ত্বকের রন্ধ্রগুলি খোলা থাকার কারণে, এই সময় ত্বক সুগন্ধি ভালোভাবে শোষণ করে নিতে পারে, ফলে সুঘ্রাণ দীর্ঘস্থায়ী হয়। এছাড়াও, স্নানের পর শরীরে হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করে তারপর পারফিউম লাগালে গন্ধ আরও বেশি সময় ধরে থাকে।
পালস পয়েন্ট:
বিশেষজ্ঞদের মতে, শরীরের পালস পয়েন্টগুলিতে উষ্ণতা বেশি থাকে এবং এই উষ্ণতা পারফিউমকে ধীরে ধীরে হিট দেয়, যার ফলে সুগন্ধ আরও সুন্দরভাবে ছড়ায়। কবজি, কনুইয়ের ভাঁজ, হাঁটুর পেছনের দিক এবং গলার পাশের পালস পয়েন্টগুলোতে পারফিউম স্প্রে করলে সুগন্ধ দীর্ঘক্ষণ টিকে থাকে।
গলার পাশে ও কানের পেছনে:
চিবুকের ঠিক নিচে গলার দুপাশে পারফিউম ব্যবহার করলে এর গন্ধ দীর্ঘস্থায়ী হওয়ার পাশাপাশি তীব্রও হয়। এছাড়াও, কানের পেছনের অংশ পারফিউম ব্যবহারের জন্য একটি চমৎকার জায়গা। এখানে পারফিউম লাগালে বাষ্পীভবন কম হয় এবং গন্ধ দীর্ঘক্ষণ সংরক্ষিত থাকে।
ভ্যাসলিনের ব্যবহার:
শরীরের যে অংশে পারফিউম স্প্রে করতে চান, সেখানে প্রথমে সামান্য পেট্রোলিয়াম জেলি (ভ্যাসলিন) লাগিয়ে নিন। তারপর সেই জায়গায় পারফিউম বা বডি স্প্রে করুন। ভ্যাসলিন সুগন্ধিকে ত্বকের উপর ধরে রাখতে সাহায্য করে, ফলে ঘ্রাণ অনেকক্ষণ স্থায়ী হয়। বিশেষ করে বগল, গলা এবং হাতের কবজিতে এই পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন।
শুকনো স্থানে সংরক্ষণ:
অনেকেরই অভ্যাস থাকে বাথরুমের অন্যান্য প্রসাধনীর সঙ্গে পারফিউমের বোতল রেখে দেওয়া। কিন্তু বাথরুমের ভেতরের আর্দ্রতা পারফিউমের গুণাগুণ নষ্ট করে দিতে পারে। পারফিউম সবসময় একটু অন্ধকার ও শুকনো স্থানে রাখা উচিত।
এই সহজ নিয়মগুলো মেনে চললে আপনার প্রিয় পারফিউমের সুগন্ধ গরমেও দীর্ঘক্ষণ আপনার সঙ্গে থাকবে এবং আপনাকে রাখবে সতেজ ও প্রাণবন্ত।