এবার অল্প খরচে বদলে ফেলুন আপনার ঘরের চেহারা, জানুন সমস্ত রকম টিপস

প্রতিটি মানুষের কাছে তার ঘর এক টুকরো শান্তিনিকেতন। সারাদিনের ক্লান্তি শেষে আমরা সবাই নিজেদের ঘরেই ফিরে আসি, যেখানে শরীর ও মন শান্তি খুঁজে পায়। পরিপাটি ঘর দেখলে মন মেজাজও ভালো হয়ে যায়। তবে দীর্ঘদিন ধরে একই রকম গৃহসজ্জা থাকলে একঘেয়েমি লাগতে পারে এবং মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তখন পুরনো সজ্জা বদলে ফেলার ইচ্ছে জাগে। কিন্তু ঘরের চেহারা বদলানোর জন্য দামি সোফা বা চমকদার আসবাবের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু একটু স্মার্টলি চিন্তা করা।
ঘরে নতুনত্ব আনতে নতুন কিছু গাছ বা হাউজ প্ল্যান্ট, আকর্ষণীয় বাতি অথবা পুরনো আসবাবের দোকান থেকে কেনা একটি ভিনটেজ আসবাবই যথেষ্ট। এতেই বদলে যাবে আপনার ঘরের চেনা রূপ। চলুন জেনে নেওয়া যাক, অল্প খরচে কী কী উপায়ে ঘরের চেহারা পাল্টে ফেলা সম্ভব:
১. অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন:
গৃহসজ্জা বদলানোর প্রথম ধাপ হলো ঘরকে কিছুটা খালি করা। এর মানে এই নয় যে ঘরের সমস্ত জিনিসপত্র বের করতে হবে। বরং, এমন কিছু জিনিস খুঁজে বের করুন যা দীর্ঘদিন ধরে কোনো কাজেই লাগছে না, অথচ আপনি সেগুলো জমিয়ে রেখেছেন। প্রথমে ঘরের বইখাতা, ফোটোগ্রাফ, শো-পিস, থালাবাটি, জামাকাপড় – সবকিছু এলোমেলো করে ফেলুন। তারপর নতুন করে গোছাতে শুরু করুন। এভাবে বাছাই করার সময় যে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় জিনিসগুলো বেরিয়ে আসবে, সেগুলো ফেলে দিন। দেখবেন, ঘর এমনিতেই অনেকটা ফাঁকা ও পরিচ্ছন্ন লাগবে।
২. সবুজের ছোঁয়া:
ঘরের কোণে দু-চারটি গাছ লাগালেই আপনার বাড়ির পরিবেশ সম্পূর্ণ বদলে যেতে পারে। শুধু বারান্দায় নয়, বসার ঘর, খাবার ঘর, শোবার ঘর এমনকি রান্নাঘরেও ছোট ছোট গাছ রাখতে পারেন। অতিরিক্ত খরচ না করেও প্রকৃতির এই ছোঁয়া আপনার ঘরে এনে দেবে এক নতুন সতেজতা।
৩. নতুন রঙ, নতুন সাজ:
ঘরের একঘেয়েমি কাটাতে নতুন রঙ করতে পারেন। খুব দামি পেইন্ট বা ওয়ালপেপার ব্যবহারের প্রয়োজন নেই। সাদা বা বেইজের মতো হালকা রঙ ব্যবহার করতে পারেন। তারপর আপনার পছন্দের দেয়ালসজ্জার উপকরণ, ফোটোগ্রাফ এবং পারিবারিক ছবি দিয়ে সাজিয়ে তুলুন ঘরের দেওয়াল। একবার রঙ করলে তা দীর্ঘ দিন স্থায়ী হয়। তাই রঙ করা প্রথম দিকে খরচসাপেক্ষ মনে হলেও, এটি দীর্ঘমেয়াদী খরচ বাঁচাবে এবং আপনার ঘরকে দেবে এক নতুন অনুভূতি।
৪. বাতির পরিবর্তন:
ঘরের চেহারা বদলে ফেলতে আলোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি বা দুটি বড় লাইটের পরিবর্তে একাধিক ছোট ছোট এবং ভিন্ন ধরনের লাইট ব্যবহার করুন। এর জন্য অনেক টাকার প্রয়োজন নেই, শুধু প্রয়োজন একটি সুন্দর রুচিশীলতার। বিভিন্ন ধরনের ল্যাম্পশেড এবং আলোর ব্যবহার আপনার ঘরের সৌন্দর্যকে এক নতুন মাত্রা দেবে।
৫. পুরনো আসবাবের নতুন রূপ:
শহরের বিভিন্ন পুরনো আসবাবের দোকানে ঘুরে আপনি ভিনটেজ বা প্রাচীন আসবাবপত্র কিনতে পারেন। এটি কেবল আপনার অর্থ সাশ্রয় করবে না, বরং আপনার ঘরে একটি অনন্যতাও যোগ করবে। কাঠের আসবাব কিনলে, কেনার সময় সেটিকে নিজের পছন্দ অনুযায়ী নতুন করে রঙ করিয়ে নিতে ভুলবেন না।
৬. ছোট জিনিসের গুরুত্ব:
পরিবর্তন বলতে আমরা সাধারণত বড় ধরনের বদলের কথাই ভাবি। তবে বড় কোনো পরিবর্তন না এনেও ছোট ছোট কিছু পরিবর্তনের মাধ্যমে আপনার ঘরের চেহারা বদলে ফেলতে পারেন। কিছুটা সময় নিয়ে ভেবেচিন্তে ঘরের সজ্জায় ছোট ছোট পরিবর্তন আনুন। যেমন, একসঙ্গে সব ঘরের পর্দা না বদলে একটি একটি করে ঘরের পর্দা পরিবর্তন করুন। একই পদ্ধতি অনুসরণ করতে পারেন কুশন কাভার, চাদর, কার্পেট বা রাগ পরিবর্তনের ক্ষেত্রেও।
এই সহজ এবং সাশ্রয়ী উপায়গুলো অবলম্বন করে আপনি আপনার পুরনো ঘরকে এক নতুন রূপ দিতে পারেন এবং আপনার মনেও আনতে পারেন এক নতুনত্বের ছোঁয়া।