আপনার শিশু কি অতিরিক্ত চঞ্চল? শান্ত রাখতে যা করবেন একঝলকে দেখেনিন

সন্তানকে বড় করে তোলা মোটেই সহজ কাজ নয়। আর সন্তান যদি অতিরিক্ত চঞ্চল হয় তাহলে তাদের সামলানো আরও কঠিন হয়ে পড়ে। অতিরিক্ত চঞ্চল শিশু কখনই কোনও কথা মন দিয়ে শোনে না। কী ভাবে তাদের মনকে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে বাবা-মায়েরা নাজেহাল হয়ে পড়েন। সেক্ষেত্রে কিছু টিপস মেনে চলতে পারেন।

অতিরিক্ত চঞ্চল শিশুদের মস্তিষ্ক সব সময় অস্থির থাকে। কোনও একটি স্থানে তারা কয়েক মিনিটের চেয়ে বেশি টিকতে পারে না। দেখতে দেখতেই তারা এমন কাণ্ড ঘটিয়ে বসবে, যা আপনার পক্ষে আটকানো মুশকিল। এমন শিশুদের শান্ত রাখতে যা করবেন-

​​শক্তির সঠিক ব্য়বহার : এই শিশুদের এমন কিছু ক্রিয়াকলাপের সঙ্গে জড়িয়ে রাখুন, যাতে তাদের শারীরিক শক্তি সঠিক পথে সঞ্চালিত হতে পারে। যেমন- নাচ, গান, দৌড়ঝাপ, বাস্কেটবল, ক্রিকেট, সাঁতার কাটায় ভর্তি করে দিন। নিউরোবিক্স বা মেন্টাল অ্যারোবিক্স মস্তিষ্ককে উৎসাহিত করে যা মনোযোগ বৃদ্ধি করতে ও অধিক সতর্ক করতে সাহায্য করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা । বল বাউন্স করানো, বোর্ড গেমস, ধাঁধা সমাধান করানোর মতো খেলা তাদের শক্তিকে সঠিক পথে চালনা করবে।

​মন শান্ত করতে মিউজিক চালান : নানা শারীরিক সমস্যার সমাধানে এখন মিউজিক থেরাপি ব্যবহার করা হচ্ছে। শিশুদের অতিরিক্ত চঞ্চল মনকে শান্ত করার জন্য হালকা, মেডিটেটিভ অথবা ক্লাসিকাল সঙ্গীত শোনাতে পারেন। এ ধরনের সঙ্গীত চঞ্চল মস্তিষ্ককে শান্ত করে। তবে ভারী মেটাল বা হার্ড রক মিউজিক শোনাবেন না। এতে শিশুর ওপর বিপরীত প্রভাব পড়বে। আবার কোনও মিউজিক ইনস্ট্রুমেন্টের প্রতি সন্তানের ঝোঁক থাকলে, তা শেখাতে পারেন।

​গ্যাজেটের ব্যবহার যতটা সম্ভব কমিয়ে দিন : টিভি, প্লে স্টেশান, ভিডিও গেম, মোবাইল ফোন বা কম্পিউটার শিশুদের চঞ্চলতা বাড়িয়ে দিতে পারে। কার্টুন ও ভিডিও গেমসে উত্তেজনা, তীব্র শব্দ, গাঢ় রঙ ব্যবহার করা হয়। এগুলি শিশুদের আচরণকে প্রভাবিত করে ভুল পথে নিয়ে যেতে পারে। তাই গ্যাজেটের ব্যবহার সীমিত করে তাদের প্রকৃতির সঙ্গে সময় কাটাতে উদ্বুদ্ধ করুন। এর ফলে তাদের মন শান্ত হবে।

​​সঠিক খাদ্যাভ্যাস করুন: খাদ্যাভ্যাসও শিশুদের স্বভাবকে প্রভাবিত করে। শিশুদের খাওয়া-দাওয়ার উপর বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে দুপুর ও রাতের খাবার মস্তিষ্ককে সরাসরি প্রভাবিত করে। অধিক শর্করাযুক্ত খাবার খাওয়ার ফলে অস্থিরতা বৃদ্ধি পায়। শিশুদের এয়ারেটেড ড্রিঙ্কস, জাঙ্ক ফুড, পিৎজা-বার্গারস আইসক্রিম যথাসম্ভব কম খাওয়ানো ভালো মনে করেন বিশেষজ্ঞরা।

​নিয়মিত ম্যাসাজ করুন : অতিরিক্ত চঞ্চল সন্তানকে শান্ত করার জন্য তাদের ভালোবেসে ডাক দিন, তাদের মাথা, চোখ, হাত, পা ও পিঠে হালকা ম্যাসাজ করুন। এর ফলে তারা স্বস্তি পাবে ও আনন্দ অনুভব করবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy