রাতে দেরিতে খাওয়া উচিত নয় যে কারণে

আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিষয়ক আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আমরা আলোচনা করব রাতে দেরিতে খাওয়া কেন উচিত নয় সেই বিষয়ে।
রাতে বেশি দেরি করে খেলে শুধু ওজনই বাড়ে না, এর পাশাপাশি ডায়াবেটিস ও হার্ট অ্যাটাকের ঝুঁকিও বহুলাংশে বেড়ে যায়। সম্প্রতি এক গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পেনসিলভানিয়া ইউনিভার্সিটির পেরেলমান স্কুল অব মেডিসিনের গবেষকরা দেখেছেন, রাতে দেরিতে খাবার গ্রহণের কারণে শরীরে গ্লুকোজ ও ইনসুলিনের মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, যা টাইপ-২ ডায়াবেটিসের প্রধান কারণ। শুধু তাই নয়, অসময়ে খাবার গ্রহণ কোলেস্টেরলের মাত্রাকেও প্রভাবিত করে, যা হৃদরোগের ঝুঁকি বাড়াতে সহায়ক। এমনকি এর ফলস্বরূপ মারাত্মক হার্ট অ্যাটাকও হতে পারে।
গবেষকরা ৯ জন প্রাপ্তবয়স্ক এবং স্বাভাবিক ওজনের মানুষের ওপর একটি গবেষণা পরিচালনা করেন। অংশগ্রহণকারীদের প্রথম আট সপ্তাহ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে তিন বেলা খাবার ও দুই বেলা নাস্তা করার নিয়ম মেনে চলতে বলা হয়। পরবর্তী আট সপ্তাহে তাদের দুপুর এবং রাত ১১টার মধ্যে খাবার গ্রহণের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। তবে উভয় সপ্তাহেই গবেষকরা অংশগ্রহণকারীদের রাত ১১টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঘুমের সময় নির্ধারণ করে দিয়েছিলেন।
গবেষণার নির্দিষ্ট সময়সীমা শেষে গবেষকরা দেখতে পান, যেসব অংশগ্রহণকারী নিয়মিতভাবে বেশি রাতে খাবার গ্রহণ করেছেন, তাদের শুধু ওজনই বাড়েনি, সেই সঙ্গে তাদের শরীরে ইনসুলিন, গ্লুকোজ এবং কোলেস্টেরলের মাত্রাও উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল। গবেষকরা আরও লক্ষ্য করেছেন, প্রথম আট সপ্তাহে দিনের বেলায় খাবার গ্রহণকারী অংশগ্রহণকারীদের শরীরে এমন একটি হরমোন তৈরি হয়েছিল, যা তাদের ক্ষুধা নিবারণ করে দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করত।
গবেষক দলের প্রধান নামনি গোয়েল এ প্রসঙ্গে বলেন, “সকাল বেলা সঠিক সময়ে খাবার গ্রহণ এবং পর্যাপ্ত ঘুম শরীরের জন্য অত্যন্ত উপকারী। অন্যদিকে, রাতে দেরিতে খাবার খেলে তা শরীরের ওজনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। একই সঙ্গে শরীরে গ্লুকোজ ও ইনসুলিনের মাত্রা বৃদ্ধি পায়, যা ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ। এছাড়াও, কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেলে তা হৃদযন্ত্রের সমস্যা ও অন্যান্য মারাত্মক স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে।”
রাতে দেরিতে খাওয়া এড়াতে গবেষকদের দেওয়া পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ টেলিগ্রাফ অবলম্বনে নিচে তুলে ধরা হলো:
মস্তিষ্কে প্রভাব ফেলে: গবেষকদের মতে, রাতে দেরিতে খাবার খেলে তা মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, অনিয়মিত সময়ে খাবার গ্রহণ মস্তিষ্কের কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। ইঁদুরের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা এর প্রমাণ পেয়েছেন।
দুঃস্বপ্ন দেখা: ২০১৫ সালে কানাডার মনস্তাত্ত্বিকরা একটি গবেষণায় দেখেছেন, মানুষের খাদ্যাভ্যাস তার ঘুমের ধরন ও স্বপ্নেও নেতিবাচক প্রভাব ফেলে। এই গবেষণায় প্রায় ৪০০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাদের খাবার গ্রহণ, ঘুমের রুটিন ও স্বপ্নের অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। এতে গবেষকরা দেখতে পান, যারা রাতে দেরি করে খাবার খেয়েছেন, তারা অন্যদের তুলনায় বেশি দুঃস্বপ্ন দেখেছেন।
হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়: গবেষকরা আরও দেখেছেন, যারা সন্ধ্যা ৭টার পর রাতের খাবার গ্রহণ করেন, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তুরস্কের ডকুস আইলাল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় ৭০০ জন উচ্চ রক্তচাপের রোগীকে অন্তর্ভুক্ত করা হয়। গবেষণায় দেখা যায়, যারা রাতে দেরি করে খাবার খেয়েছেন, তাদের উচ্চ রক্তচাপের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।
গ্যাসের সমস্যা বাড়ায়: গবেষকদের ভাষ্য অনুযায়ী, রাতে দেরি করে ভারী খাবার খেয়ে ঘুমাতে গেলে গ্যাসের সমস্যা বেড়ে যাওয়া স্বাভাবিক। এর প্রধান কারণ হলো, ঘুমানোর আগে পেট খাবার হজম করার জন্য পর্যাপ্ত সময় পায় না। এর ফলে হজমের সমস্যা হয় এবং রাতের ঘুমও ভালোভাবে হয় না।
ক্ষুধা বাড়ায়: রাতের খাবার দেরিতে খেলে পরের দিন স্বাভাবিকভাবেই বেশি ক্ষুধা অনুভূত হয়। এর অন্যতম কারণ হলো, রাতে দেরিতে খাবার গ্রহণের ফলে শরীরের গ্লুকোজ গ্রেলিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ করে, যা ক্ষুধা বৃদ্ধি করে। এর সরাসরি প্রভাব পড়ে শরীরের ওজনের ওপর এবং ওজন ক্রমশ বাড়তে থাকে।
পরিশেষে বলা যায়, সুস্থ জীবনযাপন এবং বিভিন্ন রোগ থেকে নিজেকে রক্ষা করার জন্য রাতে সঠিক সময়ে খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি। নিজের এবং পরিবারের সকলের স্বাস্থ্য সুরক্ষায় সচেতন হন। আমাদের এই লেখাটি আপনার কেমন লাগলো এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে ভুলবেন না। পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।