ব্যায়াম করার সময় নেই? হার্টের সুরক্ষায় দ্রুত হাঁটার জাদুকরী উপকারি দিক জানুন

বিশ্বজুড়ে অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ। কর্মব্যস্ত জীবন, ডেস্ক জব এবং অনিয়মিত খাদ্যাভ্যাস আমাদের হার্টের স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলছে। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, হার্টকে সুস্থ রাখতে জিমে গিয়ে ভারী ব্যায়াম করার প্রয়োজন নেই, প্রতিদিন মাত্র ৩০ মিনিটের দ্রুত হাঁটাই হতে পারে সবচেয়ে কার্যকর উপায়।
‘ইউরোপীয় জার্নাল অফ প্রিভেনটিভ কার্ডিওলজি’-তে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটা রক্তচাপ নিয়ন্ত্রণ, শরীরের ওজন কমানো এবং কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। ২০২৪ সালের একটি মেটা-বিশ্লেষণ বলছে, যারা ধীর গতির চেয়ে দ্রুত গতিতে হাঁটেন, তাদের করোনারি হৃদরোগের ঝুঁকি অনেক বেশি হ্রাস পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতে, সপ্তাহে ১৫০ মিনিট মাঝারি তীব্রতার শারীরিক কার্যকলাপ হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে।
অনেকেই দীর্ঘ সময় হাঁটার সুযোগ পান না। সেক্ষেত্রে পুরো ৩০ মিনিট একবারে হাঁটার প্রয়োজন নেই। এটি ১০ মিনিটের তিনটি সেশনে ভাগ করে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে তীব্রতার চেয়ে ধারাবাহিকতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্রুত হাঁটা রক্ত সঞ্চালন উন্নত করে এবং হৃদপিণ্ডকে সচল রাখে। তবে যাদের বুকে ব্যথা বা শ্বাসকষ্টের মতো দীর্ঘস্থায়ী অসুস্থতা রয়েছে, তাদের নতুন রুটিন শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সুস্থ হার্টের জন্য আজ থেকেই শুরু হোক ৩০ মিনিটের এই সহজ অভ্যাস।