ব্যথানাশক ওষুধ ছাড়ুন, রান্নাঘরের এই ৩ মশলাই হতে পারে প্রাকৃতিক সমাধান!

দাঁতে ব্যথা হোক, পিঠে ব্যথা হোক বা শরীরের অন্য কোথাও – চটজলদি আরাম পেতে আমরা অনেকেই প্রথমেই ব্যথানাশক ওষুধের আশ্রয় নিই। কিন্তু বাজারে উপলব্ধ বেশিরভাগ ব্যথানাশক ওষুধেরই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। ভারতের স্বাস্থ্য বিশেষজ্ঞ ও পুষ্টিবিদ নমামি আগরওয়াল পরামর্শ দিচ্ছেন, এই সব ক্ষেত্রে প্রাকৃতিক প্রতিকারগুলো হতে পারে ব্যথানাশক ওষুধের দারুণ বিকল্প। তিনি বলছেন, ওষুধের দিকে হাত বাড়ানোর আগে কিছু প্রাকৃতিক উপাদান বেছে নিতে পারেন, যা ব্যথা ও প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করবে।
প্রাকৃতিক ব্যথা উপশম পদ্ধতি: খাবার কীভাবে ব্যথা কমাতে সাহায্য করে?
আমাদের রান্নাঘরের মশলার তাকগুলো এমন কিছু উপাদানের ভাণ্ডার, যা কেবল রান্নার স্বাদই বাড়ায় না, বরং আমাদের শরীরের জন্য বিভিন্নভাবে উপকারী। এই মশলাগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি যৌগ, যা শরীরের ব্যথা কমানোসহ আমাদের ভেতর থেকে সুস্থ করে তোলে।
‘সার্জিক্যাল নিউরোলজি ইন্টারন্যাশনাল জার্নাল’-এর একটি সমীক্ষা অনুযায়ী, আঘাতের প্রতি মানবদেহের স্বাভাবিক প্রতিক্রিয়া হলো প্রদাহজনিত ব্যথা এবং ফুলে যাওয়া। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ওষুধ খেলে শরীরে প্রদাহ কমে, কিন্তু গবেষণায় দেখা গেছে যে এই ওষুধগুলোর গ্যাস্ট্রিক আলসারেশন এবং কিছু ক্ষেত্রে মায়োকার্ডিয়াল ইনফার্কশন ও স্ট্রোকের মতো পার্শ্বপ্রতিক্রিয়াও থাকতে পারে। এই কারণেই গবেষকরা এমন প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্ল্যামেটরি যৌগগুলোর দিকে ঝুঁকছেন, যা প্রদাহজনক প্রতিক্রিয়ার চিকিৎসায় কার্যকরী। পুষ্টিবিদরা ব্যথা দূর করার জন্য এই প্রাকৃতিক উপায়গুলো বেছে নেওয়ার কথা বলছেন:
ব্যথা কমানোর জন্য ৩টি প্রাকৃতিক উপায়:
১. আদা: পুষ্টিবিদ নমামি আগরওয়াল আদাকে প্রকৃতির প্রদাহ বিরোধী যোদ্ধা হিসাবে উল্লেখ করেছেন। শক্তিশালী যৌগ দিয়ে পূর্ণ আদা প্রদাহ কমাতে অত্যন্ত পরিচিত, যা পেশী ক্র্যাম্পের অন্যতম প্রধান কারণ হতে পারে। এক কাপ আরামদায়ক আদা চা তৈরি করে পান করতে পারেন অথবা আপনার প্রতিদিনের খাবারে বিভিন্ন উপায়ে আদা যোগ করতে পারেন। এমনকি কাঁচা আদা চিবিয়ে খেলেও উপকার পাবেন।
২. হলুদ: নমামি আগরওয়াল হলুদকে শুধু একটি মশলার চেয়েও বেশি কিছু বলেছেন। হলুদে থাকা কারকিউমিন-এর রয়েছে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য, যা একাধিক উপায়ে আপনার ব্যথা মোকাবিলায় সহায়তা করে। তাই ব্যথানাশক ওষুধের বদলে হলুদ বেছে নিতে পারেন। হলুদের সঙ্গে গোলমরিচ অথবা অলিভ অয়েল যোগ করে খেলে উপকার পাবেন। প্রতিদিন এক গ্লাস হালকা গরম দুধের সঙ্গে হলুদ মিশিয়ে পান করলে দ্রুত উপকার পাওয়া যায়।
৩. মৌরি: মৌরিতে রয়েছে কারমিনেটিভ বৈশিষ্ট্য, যা গ্যাস বের করে দিতে সাহায্য করে এবং ফোলাভাব, অ্যাসিডিটি এবং অন্যান্য অন্ত্রের জ্বালা কমিয়ে দেয়। এর ফলে প্রদাহ এবং ব্যথা দূর করা সহজ হয়। খাবার খাওয়ার পর কিছুটা মৌরি চিবিয়ে খেতে পারেন অথবা মৌরি চা তৈরি করেও পান করতে পারেন। তবে, খুব বেশি পরিমাণে মৌরি খাওয়া ঠিক নয়।
এই প্রাকৃতিক উপাদানগুলো ব্যথানাশক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে সাহায্য করতে পারে এবং আপনাকে ভেতর থেকে সুস্থ রাখতে পারে।