বাজার নয়, ঘরোয়া উপাদানেই তৈরি করুন চুলের জন্য সেরা হেয়ার সিরাম!

চুলের যত্নে শ্যাম্পু ও কন্ডিশনারের পাশাপাশি হেয়ার সিরামের ব্যবহার ক্রমশ বাড়ছে। জটমুক্ত ঝলমলে মসৃণ চুলের জন্য অনেকেই সিরাম ব্যবহার করে থাকেন। তবে বাজারচলতি রাসায়নিক যুক্ত সিরামের বদলে, ঘরেই প্রাকৃতিক উপাদান দিয়ে বানিয়ে নিতে পারেন চুলের যত্নের এই অত্যাবশ্যকীয় উপাদানটি। রইল তেমনই কয়েকটি ঘরোয়া হেয়ার সিরাম তৈরির সহজ উপায়:

অ্যালোভেরা হেয়ার সিরাম:

একটি অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এর সাথে সামান্য গোলাপ জল, ভিটামিন ই তেল এবং নারকেল তেল মিশিয়ে নিন। মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে নিন। আরও ভালো ফল পেতে কয়েক ফোঁটা জ্যাসমিন এসেনশিয়াল অয়েল যোগ করতে পারেন। ব্যবহারের আগে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন। ঘরে তৈরি এই সিরাম চুলের গোড়া মজবুত করে এবং প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে।

ল্যাভেন্ডার এবং গোলাপ জল সিরাম:

ক্যাস্টর অয়েলের সাথে জোজোবা তেল মিশিয়ে নিন। এই মিশ্রণে কয়েক ফোঁটা গোলাপ জল এবং ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল যোগ করুন। মিশ্রণটি একটি বোতলে ভরে ফ্রিজে রেখে দিন। প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন। তৈলাক্ত স্ক্যাল্পের জন্য এই হেয়ার সিরাম বিশেষভাবে উপকারী।

আর্গান তেল এবং অ্যাভোকাডো তেল সিরাম:

আর্গান তেল, অ্যাভোকাডো তেল, জোজোবা তেল এবং গ্রেপসিড তেল একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি বোতলে ভরে রাখুন। শ্যাম্পু করার আগে অথবা পরে এই সিরাম ব্যবহার করতে পারেন। এই হেয়ার সিরাম চুলের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, স্ক্যাল্পকে সুস্থ রাখে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

জোজোবা তেল এবং সয়া তেল সিরাম:

সয়া তেল, জোজোবা তেল, অলিভ অয়েল এবং নারকেল তেল একটি বোতলে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন। ভেজা চুলে এই সিরাম লাগান।

Disclaimer: এই প্রতিবেদনটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। বোল্ডস্কাই বাংলা এর সত্যতার দাবি করে না। কোনো পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।