বর্ষার স্বাস্থ্যে সতর্কতা: কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

বর্ষাকাল মানেই স্যাঁতসেঁতে ভেজা আবহাওয়া আর তার সঙ্গে মাঝে মাঝে অস্বস্তিকর গরম। এই আবহাওয়া আমাদের জন্য যতটা বিরক্তিকর, ব্যাকটেরিয়া ও জীবাণুদের জন্য ঠিক ততটাই অনুকূল। এই সময়ে তাদের দ্রুত বংশবৃদ্ধি ঘটে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে। তাই বর্ষায় আমাদের রোজকার খাদ্যতালিকায় থাকা ফল, সবজি ও শাক-পাতার প্রতি বিশেষ যত্নশীল হওয়া জরুরি।

খাবার পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি:

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষায় শাকসবজি ভালোভাবে ধুয়ে খাওয়া অত্যন্ত জরুরি। সম্ভব হলে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও জলের একটি হালকা গোলাপি মিশ্রণ তৈরি করে তাতে শাকসবজি অন্তত ১০ মিনিট ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন।

কাঁচা খাবার ও স্যালাড এড়িয়ে চলুন:

এই ঋতুতে খোসাসমেত শসা ও টমেটো স্যালাডে ব্যবহার করা খুব একটা অনুকূল নয়। লেটুস বা অন্যান্য কাঁচা খাওয়ার উপযোগী শাকপাতা এড়িয়ে চলাই ভালো। এমনকি অঙ্কুরিত ছোলা-মুগও কাঁচা না খেয়ে সামান্য ভাপিয়ে নিয়ে তবেই খাওয়া উচিত। কাঁচা খাবার হজম করা কঠিন হতে পারে এবং পেটের সমস্যা সৃষ্টি করতে পারে।

শাক-সবজি নির্বাচনে সতর্কতা:

বর্ষায় সবুজ শাক থেকে এই সময় দূরে থাকতে পারলে সবচেয়ে ভালো হয়। এর বদলে খাদ্যতালিকায় রাখুন লাউ, ঝিঙে, চিচিঙ্গে, পটল-এর মতো অন্যান্য মরশুমি আনাজ। যেকোনো খাবারই ভালোভাবে রান্না করার পর খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ উচ্চ তাপমাত্রায় রান্না করলে সব জীবাণু মরে যায়। ফলে ডায়রিয়া, ফুড পয়জনিং ইত্যাদি সমস্যা এড়ানো যায়।

বাইরের মুখরোচক খাবার এড়িয়ে চলুন:

বিকেলের দিকে মোমো, ভেলপুরি বা ফুচকার মতো মুখরোচক কিছু একটা না খেলে যারা থাকতে পারেন না, তাদের জন্য এই ঘোর বর্ষার দিনগুলোতে রসনা সন্তুষ্ট করার জন্য ভালো করে সেঁকা ঝাল নুন-লেবুর রস মাখানো ভুট্টা একটি স্বাস্থ্যকর বিকল্প হতে পারে।

যে খাবারগুলি খাদ্যতালিকায় রাখা আবশ্যক:

বর্ষাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরকে সুস্থ রাখতে কিছু বিশেষ খাবার খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা জরুরি:

আদা: আদার অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণের কারণে এটি বহু যুগ ধরে সর্দি-কাশি সারানোর কাজে ব্যবহৃত হয়ে আসছে। সকালের চায়ে এক স্লাইস আদা ফেলে দিন, তা সামান্য মধু সহযোগে সেবন করুন। এটি ঠান্ডা লেগে হওয়া আচমকা সমস্যাগুলো সারাতে সাহায্য করবে।

কাঁচা হলুদ: খুব ভালো করে ধুয়ে আধ ইঞ্চিমাপের কাঁচা হলুদ থেঁতো করে নিন। তারপর সেটা দুধে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। দুধটা ছেঁকে সামান্য মধু দিয়ে পান করুন। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আপনাকে সব ইনফেকশন থেকে দূরে রাখবে।

সিট্রাস ফল: আনারস, পাতিলেবু, পেয়ারা, পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। বর্ষার সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগায় ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

গ্রিন টি ও তুলসী: গ্রিন টি-তে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে যা আপনার প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঠান্ডা লাগলে বা সর্দি-কাশি হলে আদা-তুলসী পাতা দেওয়া চা-ও ভালো কাজে দেয়। এটি গলা ব্যথা ও কফের সমস্যা কমাতেও সহায়ক।