ফুসফুসের ক্যান্সারের ৮টি লক্ষণ, অবহেলা করলেই বিপদ!

ফুসফুস আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ায় অপরিহার্য ভূমিকা পালন করে। এই অত্যাবশ্যকীয় অঙ্গের সবচেয়ে মারাত্মক সংক্রমণ হলো ক্যান্সার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বর্তমানে ফুসফুসের ক্যান্সার বিশ্বে সবচেয়ে ভয়াবহ রোগ হিসেবে চিহ্নিত হয়েছে। এই মারণব্যাধিতে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যাও সর্বাধিক।

উদ্বেগের বিষয় হলো, আমাদের মধ্যে অনেকেই ফুসফুসের ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো না বুঝেই অবহেলা করেন। এমনকি অনেক সময় ফুসফুসের ক্যান্সারের উপসর্গ প্রাথমিক পর্যায়ে তেমন স্পষ্ট নাও হতে পারে। তবে রোগ যত দ্রুত শনাক্ত করা যায়, তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা সম্ভব। তাই আজ জেনে নিন সেই ৮টি লক্ষণ, যা ফুসফুসের ক্যান্সারের ইঙ্গিত দিতে পারে:

১. দীর্ঘস্থায়ী কাশি:

অনেকেই সাধারণ কাশির সমস্যাকে গুরুত্ব দেন না। তবে এটি ফুসফুসের ক্যান্সারের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে। যদি আপনার কাশি দীর্ঘ দিন ধরে চলতে থাকে এবং কোনো সাধারণ চিকিৎসায় না সারে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

২. কাশির শব্দে পরিবর্তন বা বুকে ব্যথা:

দীর্ঘদিন ধরে কাশি হওয়ার পরে যদি কাশির শব্দে কোনো পরিবর্তন আসে বা কাশির সময় বুকে ব্যথা অনুভব হয়, তবে তা অবহেলা করা উচিত নয়। এটিও ফুসফুসের ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে এবং দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত।

৩. শ্বাসকষ্ট:

আগে যেসব কাজ আপনি কোনো রকম সমস্যা ছাড়াই করতে পারতেন, সেগুলো করতে গিয়ে যদি মনে হয় শ্বাস বন্ধ হয়ে আসছে, তবে এটি একটি উদ্বেগের কারণ হতে পারে। ফুসফুসের কার্যকারিতা কমে গেলে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে, যা ক্যান্সারের লক্ষণ হতে পারে।

৪. কফে রক্ত:

কাশির সাথে কফ বের হওয়ার সময় যদি রক্ত দেখা যায়, তবে তা ফুসফুসের ক্যান্সারের একটি সুস্পষ্ট লক্ষণ। এই পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া অত্যন্ত জরুরি।

৫. বুকে বা কাঁধে ব্যথা:

ফুসফুসের ক্যান্সারের আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ হলো বুকে বা কাঁধে একটানা ব্যথা অনুভব করা। এই ব্যথা ক্রমশ বাড়তে পারে এবং শ্বাস নিতে অসুবিধা সৃষ্টি করতে পারে।

৬. বারবার বুকের সংক্রমণ:

যদি কিছুদিন পরপর বুকে সংক্রমণ হয় অথবা একবার বুকের সংক্রমণ হলে দীর্ঘ সময় ধরে না সারে, তবে এটি ফুসফুসের ক্যান্সারের একটি ইঙ্গিত হতে পারে। দুর্বল ফুসফুস সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

৭. ক্ষুধা ও ওজন হ্রাস:

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হলে অনেক সময় রোগীর ক্ষুধা কমে যায় এবং ধীরে ধীরে ওজন হ্রাস পেতে থাকে। কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই ওজন কমতে থাকলে তা উপেক্ষা করা উচিত নয়।

৮. ক্লান্তি:

অতিরিক্ত ক্লান্তিবোধ ফুসফুসের ক্যান্সারের একটি সাধারণ লক্ষণ হিসেবে দেখা দিতে পারে। যদি আপনি দীর্ঘ সময় ধরে অস্বাভাবিক ক্লান্তি অনুভব করেন এবং বিশ্রাম নেওয়ার পরেও তা না কমে, তবে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

উপরে উল্লেখিত লক্ষণগুলোর কোনোটি যদি আপনার শরীরে দেখা দেয়, তবে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে ফুসফুসের ক্যান্সারের চিকিৎসাও অনেক সহজ হতে পারে। আপনার সামান্য সচেতনতাই বাঁচাতে পারে একটি মূল্যবান জীবন।