কিডনি রোগের নীরব সংকেত! এই ৫ উপসর্গ দেখলে দ্রুত হোন সাবধান

কিডনি আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি বিকল হলে শরীরে একের পর এক জটিলতা বাসা বাঁধতে শুরু করে। কিডনির অসুখকে নীরব ঘাতক বলা হয়, কারণ এর কোনো সুস্পষ্ট উপসর্গ প্রাথমিক পর্যায়ে দেখা যায় না। তবে কিছু সাধারণ লক্ষণ দেখা দিলে আগে থেকেই সতর্ক হওয়া জরুরি।
১. বার বার প্রস্রাবের সংক্রমণ: যদি আপনি ঘন ঘন প্রস্রাবের সংক্রমণে ভোগেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মূত্র পরীক্ষা করানো উচিত। পরীক্ষায় কোনো অস্বাভাবিকতা ধরা পড়লে দ্রুত নেফ্রোলজিস্ট বা কিডনি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
২. খাবারে অরুচি ও বমি ভাব: খাবারে অনীহা, ক্ষুধা কমে যাওয়া অথবা সারাক্ষণ বমি বমি ভাব কিডনির সমস্যার একটি উপসর্গ হতে পারে। শরীরের বর্জ্য পদার্থ ঠিকমতো নিষ্কাশিত না হলে এই ধরনের অনুভূতি হতে পারে।
৩. অল্পতেই ক্লান্তি ও শ্বাসকষ্ট: সামান্য পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়া, অল্পতেই হাঁপিয়ে ওঠা এবং শ্বাস-প্রশ্বাসের কষ্ট হওয়ার পেছনেও কিডনির সমস্যা লুকিয়ে থাকতে পারে। কিডনি শরীরে লোহিত রক্ত কণিকা তৈরিতে সাহায্য করে, যা কমে গেলে ক্লান্তি ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে।
৪. প্রস্রাবে জ্বালা ও ব্যথা: কিডনির সমস্যা থাকলে বার বার প্রস্রাবের সংক্রমণ হতে পারে। প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথা অনুভব করাও কিডনি সংক্রমণের একটি লক্ষণ। এটি অবহেলা করা উচিত নয়।
৫. রক্তচাপের ওঠানামা ও শরীরে ফোলা ভাব: রক্তচাপ দ্রুত ওঠানামা করলে অথবা সকালে ঘুম থেকে ওঠার পর যদি চোখ, মুখ ও পায়ে ফোলা ভাব দেখা যায়, তবে তা কিডনির সমস্যার উপসর্গ হতে পারে। কিডনি শরীরে লবণের ভারসাম্য রক্ষা করে এবং অতিরিক্ত তরল বের করে দেয়। কিডনির কার্যকারিতা কমে গেলে শরীরে জল জমতে শুরু করে, যার ফলে ফোলা ভাব দেখা যায়।
যদি আপনি এই উপসর্গগুলোর কোনোটি অনুভব করেন, তাহলে নিশ্চিতভাবে জানার জন্য অবিলম্বে কিডনি রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। দ্রুত রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসার মাধ্যমে কিডনির জটিলতা এড়ানো সম্ভব।