আগুনে পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসা! ঘরোয়া উপায়ে সারিয়ে তুলুন ছোটখাটো পোড়া ক্ষত

আগুনে পুড়ে গেলে প্রাথমিক চিকিৎসা! ঘরোয়া উপায়ে সারিয়ে তুলুন ছোটখাটো পোড়া ক্ষত
দুর্ঘটনাবশত আগুনে পুড়ে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকের জীবনেই ঘটতে পারে। পোড়ার গভীরতা অনুযায়ী এর তীব্রতা নির্ধারণ করেন চিকিৎসকরা। প্রথম ডিগ্রি পোড়া তুলনামূলকভাবে কম গুরুতর, যেখানে শুধু ত্বকের বাইরের স্তর ক্ষতিগ্রস্ত হয়। এতে হালকা ব্যথা, লালচে ভাব ও সামান্য ফোলা দেখা যায়। দ্বিতীয় ডিগ্রি পোড়া ত্বকের গভীর স্তর পর্যন্ত পৌঁছায়, ফলে ফোসকা পড়ে এবং ত্বক সাদাটে হয়ে যায়। তৃতীয় ডিগ্রি পোড়া ত্বকের সব স্তরকে ক্ষতিগ্রস্ত করে, আর চতুর্থ ডিগ্রি পোড়ায় ত্বক, জয়েন্ট এমনকি হাড় পর্যন্ত পুড়ে যেতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক।
চিকিৎসকরা তৃতীয় ও চতুর্থ ডিগ্রি পোড়াকে জরুরি চিকিৎসা হিসেবে গণ্য করেন। তবে প্রথম ও দ্বিতীয় ডিগ্রি, অর্থাৎ ৩ ইঞ্চির কম ব্যাসের পোড়ার প্রাথমিক চিকিৎসা ঘরে বসেই করা সম্ভব। হালকা পোড়া সাধারণত এক থেকে দুই সপ্তাহের মধ্যে সম্পূর্ণরূপে সেরে যায় এবং তেমন কোনো দাগও থাকে না। পোড়া চিকিৎসার মূল লক্ষ্য হলো ব্যথা কমানো, সংক্রমণ প্রতিরোধ করা এবং ত্বককে দ্রুত নিরাময় করা।
ঘরে বসেই কিছু উপাদান ও কৌশল ব্যবহার করে পোড়া ক্ষত ও দাগের চিকিৎসা করা যেতে পারে। জেনে নিন সেই পদ্ধতিগুলো:
ঠান্ডা জল: কোথাও পুড়ে গেলে দ্রুত ২০ মিনিটের জন্য পোড়া স্থানে ঠান্ডা জল ঢালুন। এরপর স্যাভলন বা ডেটল দিয়ে হালকাভাবে পরিষ্কার করে ধুয়ে নিন।
শীতল কম্প্রেস: পরিষ্কার ভেজা কাপড় বা শীতল কম্প্রেস পোড়া জায়গায় রাখলে ব্যথা ও ফোলাভাব দ্রুত কমে যায়। ৫-১৫ মিনিট পরপর কম্প্রেস প্রয়োগ করতে পারেন। তবে অতিরিক্ত ঠান্ডা কম্প্রেস ব্যবহার করবেন না।
অ্যান্টিবায়োটিক মলম: সংক্রমণ প্রতিরোধের জন্য পোড়া স্থানে ব্যাসিট্রাসিন বা নিওস্পোরিনের মতো অ্যান্টিব্যাকটেরিয়াল মলম লাগান। এরপর জীবাণুমুক্ত কাপড় বা ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে দিন।
অ্যালোভেরা: অ্যালোভেরাকে ‘বার্ন প্ল্যান্ট’ বলা হয়। গবেষণা প্রমাণ করে যে এটি প্রথম ও দ্বিতীয় ডিগ্রি পোড়া নিরাময়ে কার্যকর। অ্যালোভেরার রস প্রদাহ কমায়, রক্তসঞ্চালন বাড়ায় এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে। পোড়া স্থানে তাজা অ্যালোভেরার রস ব্যবহার করলে আরাম পাওয়া যায়।
মধু: মধুতে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। ছোটখাটো পোড়ার সমস্যা সমাধানে মধু বেশ কার্যকর। এর অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান পোড়ার চিকিৎসায় বিশেষ ভূমিকা রাখে।
যা করবেন না:
পোড়া ক্ষত সরাসরি সূর্যের আলোতে খোলা রাখবেন না, কারণ পোড়া ত্বক রোদের প্রতি খুব সংবেদনশীল থাকে।
পোড়া স্থানে ফোসকা পড়লে তা নিজে থেকে ফাটাবেন না, কারণ এতে সংক্রমণের ঝুঁকি বাড়ে। বড় আকারের ফোসকা হলে চিকিৎসকের পরামর্শ নিন।
পোড়ার উপর মাখন, নারকেল তেল, জলপাই তেল বা রান্নার তেল ব্যবহার করবেন না। এগুলো তাপ ধরে রাখে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটাতে পারে।
ডিমের সাদা অংশ ব্যবহার করলে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি বাড়ে এবং অ্যালার্জির প্রতিক্রিয়াও হতে পারে।
পোড়া স্থানে টুথপেস্ট লাগাবেন না, এটি যন্ত্রণা বাড়ায় ও সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি করে।
পোড়া স্থানে বরফ বা খুব বেশি ঠান্ডা জল ব্যবহার করবেন না, এতে ক্ষত আরও বাড়তে পারে।
কখন ডাক্তার দেখাবেন:
পোড়ার স্থান ৩ ইঞ্চি ব্যাসের বেশি হলে।
মুখ, হাত, নিতম্ব বা কুঁচকির অংশ পুড়ে গেলে।
ক্ষত বেদনাদায়ক বা দুর্গন্ধযুক্ত হলে।
শরীরের তাপমাত্রা বাড়লে।
যদি মনে করেন তৃতীয় ডিগ্রি বার্ন হয়েছে (ক্ষত স্থান সাদা হয়ে গেলে)।
এসব লক্ষণ দেখলে দ্রুত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। ছোটখাটো পোড়ায় ঘরোয়া চিকিৎসা সহায়ক হলেও, গুরুতর ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।