শরীরে সামান্য আঘাত লাগলেই কালচে দাগ পড়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। আবার কখনও কখনও এমনও হয় যে, আঘাত লাগার কথা মনে নেই, অথচ বেশ বড় কালচে দাগ পড়ে গিয়েছে। খুব জোরে আঘাত লাগলে কালচে দাগ পড়া অস্বাভাবিক কিছু নয়। তবে যদি খুব ঘন ঘন এই ধরনের সমস্যায় পড়েন, তাহলে কিন্তু এটি ভাবনার বিষয়। এটি কোনো বড় রোগের উপসর্গও হতে পারে।
আসুন জেনে নিই, শরীরে ঘন ঘন কালচে দাগ পড়ার সম্ভাব্য কারণগুলো:
১. রক্ত জমাট বাঁধার সমস্যা: যদি রক্ত ঠিকমতো জমাট না বাঁধে কিংবা রক্ত জমাট বাঁধতে দেরি হয়, তাহলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। হিমোফিলিয়া জাতীয় রোগের একটি অন্যতম উপসর্গ হতে পারে শরীরে কালচে দাগ পড়া।
২. ক্যানসারের লক্ষণ: ঘন ঘন কালচে দাগ পড়া ক্যানসারের লক্ষণও হতে পারে। ব্লাড ক্যানসার বা বোনম্যারো ক্যানসার (অস্থি মজ্জার ক্যানসার) হলে শরীর জুড়ে কালচে দাগ পড়তে পারে।
৩. লিভার সিরোসিস: লিভার সিরোসিস রোগে আক্রান্ত হলেও শরীরে কালচে দাগ পড়ে। এই রোগ লিভারের সেই প্রোটিনের উৎপাদন কমিয়ে দেয় যা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে।
৪. ভিটামিনের অভাব: ঘন ঘন কালচে দাগ পড়ার অর্থ শরীরে ভিটামিন সি বা ভিটামিন কে-এর অভাব হতে পারে। এই দুটি ভিটামিন রক্ত জমাট বাঁধতে এবং রক্তনালী সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৫. ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া: কোনো বিশেষ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও কালচে দাগ পড়তে পারে। অ্যাসপিরিন জাতীয় ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না, তাই এই ধরনের ওষুধ সেবন করলে কালচে দাগ পড়ার আশঙ্কা থাকে। রক্ত পাতলা করার অন্যান্য ওষুধও একই ধরনের প্রভাব ফেলতে পারে।
যদি আপনার শরীরে ঘন ঘন কালচে দাগ পড়ার সমস্যা দেখা যায় এবং এর কারণ সম্পর্কে নিশ্চিত না হতে পারেন, তাহলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সঠিক রোগ নির্ণয় এবং সময়মতো চিকিৎসা গুরুতর স্বাস্থ্য জটিলতা এড়াতে সাহায্য করবে।





