বাঙালি মানেই আড্ডা আর রাতের ডিনারে দেরি হওয়াটা যেন একরকম অলিখিত নিয়ম। কিন্তু আপনি কি জানেন, ঘড়ির কাঁটা দশটা পেরোনোর পর ডিনারের প্লেট নিয়ে বসা আপনার শরীরের জন্য কতটা কালান্তক হতে পারে? আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে, সূর্যাস্তের কয়েক ঘণ্টার মধ্যে রাতের খাবার সেরে ফেলা কেবল ওজন কমানোর কৌশল নয়, বরং দীর্ঘায়ু হওয়ার এক গোপন চাবিকাঠি। আপনি যদি আজ থেকেই বেশি রাতে খাওয়া বন্ধ করে দেন, তবে আপনার শরীরে এমন কিছু ইতিবাচক পরিবর্তন ঘটবে যা কোনো দামি ওষুধও করতে পারবে না।
প্রথমত, রাত ৮টার মধ্যে ডিনার সেরে ফেললে আপনার পরিপাকতন্ত্র দীর্ঘ সময় বিশ্রাম পায়। ঘুমানোর অন্তত ৩ ঘণ্টা আগে খেলে শরীরের মেটাবলিজম রেট বা বিপাক হার বাড়ে। গবেষণায় দেখা গেছে, দেরিতে খাওয়ার ফলে শরীরের মেটাবলিজম ধীর হয়ে যায়, যার ফলে খাবার চর্বি হিসেবে জমা হতে শুরু করে। রাতে দ্রুত খাওয়ার অভ্যাস করলে পেটের মেদ বা ‘বেলি ফ্যাট’ দ্রুত কমতে থাকে। যারা দীর্ঘদিন ধরে স্থূলতা বা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য এটি সস্তার সেরা ট্রিটমেন্ট।
দ্বিতীয়ত, ঘুমের গুণগত মান বা ‘স্লিপ কোয়ালিটি’ বহুগুণ বেড়ে যায়। বেশি রাতে ভারী খাবার খেলে ঘুমানোর সময়ও মস্তিষ্ক এবং পাকস্থলী সচল থাকে খাবার হজম করার জন্য। এতে গভীর ঘুম ব্যাহত হয় এবং সকালে ঘুম থেকে ওঠার পর ক্লান্তি ভাব কাজ করে। কিন্তু রাতের খাবার দ্রুত খেলে শরীরে ইনসুলিনের মাত্রা স্থিতিশীল থাকে এবং মেলাটোনিন হরমোন ঠিকমতো কাজ করতে পারে, যার ফলে আপনি পাবেন এক গভীর ও আরামদায়ক ঘুম।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হৃদরোগ এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানো। রাতে দেরিতে খেলে রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং হার্টের ওপর চাপ সৃষ্টি হয়। রাত দ্রুত খাবার খাওয়ার অভ্যাস করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় ৩০ শতাংশ কমে যায়। এছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়ানো এবং অকাল বার্ধক্য রোধেও এটি অত্যন্ত কার্যকরী। শরীর যখন হজমের চাপ থেকে মুক্ত থাকে, তখন এটি কোষের মেরামত বা ‘অটোফ্যাজি’ প্রক্রিয়ায় মন দেয়, যা আপনাকে দীর্ঘকাল তরুণ রাখতে সাহায্য করে। তাই সুস্থ জীবনের সন্ধানে আজই বদলে ফেলুন আপনার রাতের খাবারের সময়সূচী।





