তেঁতুল শুনলেই জিভে জল আসে না এমন বাঙালি খুঁজে পাওয়া দায়। কিন্তু আপনি কি জানেন, তেঁতুল কেবল স্বাদের জন্যই নয়, বরং আপনার হার্ট, লিভার এবং কিডনির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কর্মক্ষমতা বৃদ্ধিতে বিস্ময়কর ভূমিকা পালন করে? আয়ুর্বেদ থেকে আধুনিক পুষ্টিবিজ্ঞান— সবখানেই তেঁতুলের গুণগান গাওয়া হয়েছে। তবে এর পূর্ণ সুবিধা পেতে হলে জানতে হবে খাওয়ার সঠিক নিয়ম।
কেন খাবেন তেঁতুল?
তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ই, এবং বি। এছাড়া এতে থাকা ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস এবং পটাশিয়াম শরীরের কোষ গঠনে সহায়তা করে। এতে থাকা ‘পলিফেনল’ এবং ‘ফ্ল্যাভোনয়েড’ অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে যা শরীরের প্রদাহ কমায়।
কিভাবে কাজ করে তেঁতুল?
হৃদযন্ত্রের সুরক্ষায়: তেঁতুলে থাকা ফাইবার এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং শরীরের খারাপ কোলেস্টেরল (LDL) কমাতে সাহায্য করে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে।
লিভার পরিষ্কার রাখতে: যারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন, তাদের জন্য তেঁতুল মহৌষধ। এটি লিভার থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে।
হজম ও ওজন নিয়ন্ত্রণ: তেঁতুলে থাকা টারটারিক অ্যাসিড হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়া এতে থাকা হাইড্রোক্সিসিট্রিক অ্যাসিড (HCA) মেদ ঝরাতে কার্যকর।
খাওয়ার সঠিক নিয়ম:
তেঁতুলের গুণ পেতে হলে কাঁচা বা অতিরিক্ত লবন দিয়ে না খেয়ে নিয়ম মেনে খাওয়া উচিত:
১. তেঁতুল জল: রাতে এক টুকরো পুরনো তেঁতুল এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন। সকালে উঠে সেই জল ছেঁকে সামান্য বিট লবণ বা মধু মিশিয়ে খালি পেটে পান করুন।
২. ডিটক্স ড্রিঙ্ক: তেঁতুলের ক্বাথের সাথে সামান্য জিরে গুঁড়ো এবং পুদিনা পাতা মিশিয়ে শরবত বানিয়ে খেতে পারেন। এটি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে।
সতর্কতা: যাদের গ্যাস্ট্রিকের সমস্যা প্রবল বা যারা রক্ত পাতলা করার ওষুধ খান, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাদ্যতালিকায় তেঁতুল রাখুন।





