ফের বিতর্কে রাজ কুন্দ্রা! এবার ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, ইডির মুখোমুখি হতে পারেন

ফের শিরোনামে এলেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী, ব্যবসায়ী রাজ কুন্দ্রা। এবার তার বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মুম্বইয়ের ইকনমিক অফেন্সেস উইং (EOW) তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। রাজ ও শিল্পা, দুজনের বিরুদ্ধেই লুকআউট নোটিশ জারি করা হয়েছে।

২০২৫ সালের আগস্ট মাসে ব্যবসায়ী দীপক কোঠারি রাজ কুন্দ্রা, শিল্পা শেট্টি এবং আরও এক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কোঠারির অভিযোগ, তিনি দম্পতির এখন বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রা. লি.-তে ঋণ-সহ-বিনিয়োগ চুক্তির মাধ্যমে ৬০ কোটিরও বেশি টাকা দিয়েছিলেন। তার দাবি, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ব্যবসার প্রসারের জন্য নেওয়া এই অর্থ ব্যক্তিগত খরচে ব্যবহার করা হয়েছে।

কোঠারি আরও জানান, তাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, নির্দিষ্ট সময়ের মধ্যে ১২% বার্ষিক সুদ-সহ টাকা ফেরত দেওয়া হবে। ২০১৬ সালের এপ্রিলে শিল্পা শেট্টি নিজে লিখিত গ্যারান্টিও দিয়েছিলেন, কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন। পরবর্তীতে কোঠারি জানতে পারেন যে, কোম্পানিটির বিরুদ্ধে ১.২৮ কোটি টাকার দেউলিয়া মামলা আগেই চলছিল।

রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাদের আইনজীবী প্রশান্ত পাটিল এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও কুৎসামূলক’ বলে দাবি করেছেন। তিনি বলেন, এটি একটি পুরনো লেনদেন সংক্রান্ত ঘটনা, যা সম্পূর্ণ ‘সিভিল ইন নেচার’ এবং এর নিষ্পত্তি ইতিমধ্যেই ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল (NCLT)-এ হয়েছে।

পাটিল আরও যোগ করেন, তারা তদন্তকারী সংস্থাকে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন এবং এই লেনদেনটি আসলে ইক্যুইটি বিনিয়োগ ছিল। সংস্থাটি ইতিমধ্যেই লিকুইডেশনের আদেশ পেয়েছে, যা পুলিশের কাছেও জমা দেওয়া হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy