রাহুল হত্যা না আত্মহত্যা? অয়ন চক্রবর্তীর বিস্ফোরক পোস্টে টলিপাড়ায় ‘প্রভাবশালী’ মহলের মুখোশ খুলে গেল!

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু ঘিরে টলিপাড়ায় বিতর্কের দাবানল। গত ২৯ মার্চ ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে সমুদ্রে ডুবে রাহুলের মৃত্যুর ঘটনাকে ‘নিছক দুর্ঘটনা’ বলে চালানোর যে চেষ্টা প্রযোজনা সংস্থা করছে, তাকে সপাটে চ্যালেঞ্জ জানালেন পরিচালক অয়ন চক্রবর্তী। প্রযোজনা সংস্থার দাবি ছিল, রাহুল নিজেই ‘অতি-উৎসাহী’ হয়ে ড্রোন শটের জন্য ঝুঁকি নিয়েছিলেন। এই তত্ত্বকে নস্যাৎ করে অয়ন স্পষ্ট জানিয়েছেন, রাহুল ছিলেন আগাগোড়া ‘ডিরেক্টর্স অ্যাক্টর’, তিনি নিজে থেকে অযথা ঝুঁকি নেওয়ার মানুষ ছিলেন না।
অয়নের এই বয়ান এখন ‘জাস্টিস ফর রাহুল’ আন্দোলনে নতুন অক্সিজেন জোগাচ্ছে। এর আগে অভিনেতা গৌরব চক্রবর্তীও সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছিলেন। টলিপাড়ার একাংশের অভিযোগ, সুরক্ষা ব্যবস্থার চরম অভাব এবং অবহেলার দায় ঢাকতেই প্রয়াত অভিনেতার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা চলছে। চিত্রনাট্যের বাইরে গিয়ে কেন সেই বিপজ্জনক ড্রোন শট নেওয়া হলো, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে স্টুডিও পাড়ায়।
বিদ্রোহের সুর চড়িয়ে আগামী শনিবার, ৪ এপ্রিল বিকেল ৪টেয় টেকনিশিয়ান স্টুডিও থেকে এক বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। অভিনেতা থেকে টেকনিশিয়ান— শত শত মানুষ এই মিছিলে শামিল হয়ে রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার দাবি করবেন।