ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকর লিভার ক্যানসারের দ্বিতীয় পর্যায় (Stage 2 Liver Cancer) নিয়ে লড়ছেন। তাঁর শারীরিক অবস্থা কেমন আছে, এই প্রশ্নই এখন অনুরাগীদের মনে। অবশেষে দীপিকার স্বামী, অভিনেতা শোয়েব ইব্রাহিম জানিয়েছেন তাঁর স্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত সাম্প্রতিকতম তথ্য। মঙ্গলবার, ৩রা জুন, অভিনেত্রীর অস্ত্রোপচার হওয়ার কথা। তাই শোয়েব তাঁর সমস্ত অনুরাগীদের কাছে দীপিকার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করার আবেদন জানিয়েছেন।
শোয়েব ইব্রাহিম জানিয়েছেন, দীপিকার পেটে একটি টেনিস বলের আকারের টিউমার বাসা বেঁধেছে, যা স্টেজ টু ক্যানসারের পর্যায়ে পৌঁছেছে। এই মারণ ব্যাধি নিরাময়ে সময় লাগবে বলে জানান তিনি। তবে দীপিকার মানসিক জোর অপরিসীম, যা এই লড়াইয়ে তাঁর সবচেয়ে বড় শক্তি।
অস্ত্রোপচারের জন্য প্রস্তুত দীপিকা
আজ সকাল থেকেই দীপিকার অস্ত্রোপচার শুরু হবে এবং এটি দীর্ঘক্ষণ ধরে চলবে বলে জানা গেছে। শোয়েব ইব্রাহিম তাই সকলের কাছে তাঁর স্ত্রীর জন্য প্রার্থনা করার আবেদন জানিয়েছেন, যাতে সবকিছু নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং দীপিকা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
এর আগে চিকিৎসকরা একবার অস্ত্রোপচারের তারিখ দিলেও, তা পিছিয়ে দিতে বাধ্য হয়েছিলেন। কারণ, দীপিকার ঠাণ্ডা লেগে সর্দি, কাশি এবং জ্বর হয়েছিল। জ্বরের সময় অস্ত্রোপচার করা বিপজ্জনক হওয়ায়, চিকিৎসকরা কিছুদিন সময় নিয়ে দীপিকার অস্ত্রোপচার শুরু করার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, সম্প্রতি পহেলগাম হামলার কিছু আগেই দীপিকা কাকর এবং শোয়েব ইব্রাহিম কাশ্মীর থেকে ফিরেছিলেন। কাশ্মীর থেকে ফিরে আসার পর এই তারকা দম্পতি নিজেদের মুখে বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার কথা জানান। এর মাঝেই হঠাৎ করে দীপিকার পেটে টিউমার ধরা পড়ে এবং পরে জানা যায় সেটি স্টেজ টু ক্যানসারে পরিণত হয়েছে।
এই কঠিন সময়ে দীপিকা কাকরের দ্রুত সুস্থতা কামনা করছেন তাঁর লক্ষ লক্ষ অনুরাগী এবং শুভানুধ্যায়ীরা। তাঁর লড়াই যেন সফল হয়, সেই প্রার্থনা সকলের।





