টেলিভিশনের পরিচিত মুখ, অভিনেতা বিভু রাঘবে আর নেই। মারণ রোগ ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মাত্র ৩৭ বছর বয়সে আজ, ২ জুন মুম্বইয়ের নানাবতী হাসপাতালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ‘নিশা অউর উসকে কাজিনস’ ধারাবাহিকের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। ২০২২ সালে চতুর্থ স্টেজের কোলন ক্যানসার ধরা পড়ার পর থেকেই চলছিল তাঁর জীবন-মৃত্যুর লড়াই, যা অবশেষে থামল।
বিভু রাঘবের আসল নাম ছিল বৈভব কুমার সিং রাঘবে। তাঁর ঘনিষ্ঠ বন্ধু অদ্বৈত মালিক এবং সৌম্য টন্ডন সমাজমাধ্যমে প্রথম তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন এবং শেষকৃত্যের কথাও জানান।
শেষ শ্রদ্ধা ও শোকমিছিল
আজ, ৩ জুন, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা থেকে বিভুকে শেষবারের মতো দেখা যাবে। এরপর দুপুর ১টায় মুম্বইয়ের যোগেশ্বরী ওয়েস্ট, ধ্যানেশ্বর নগরের ১১ নং রিলিফ রোড থেকে তাঁর মরদেহ নিয়ে একটি শোকমিছিল বেরোবে।
অদ্বৈত মালিক তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বিভুকে শ্রদ্ধা জানিয়ে লেখেন, “সবথেকে পবিত্র প্রাণ, শক্তি ও ইতিবাচকতার মূর্ত প্রতীক। তাঁর হাসি যে কোনও ঘরকে আলোকিত করতে পারত, আর তাঁর উপস্থিতি সবকিছুকে আরও ভাল করে তুলেছিল। তিনি অতুলনীয় করুণার সঙ্গে জীবনের মুখোমুখি হয়েছিলেন। এমন এক ভালোবাসার সম্পদ তিনি রেখে গিয়েছেন, যা কখনও ম্লান হবে না। তাঁর অভাব গভীরভাবে সবসময় অনুভূত হবে।”
অভিনেত্রী সিম্পল কৌলও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বিভুর একটি ছবি শেয়ার করে লেখেন, “তোমাকে আমরা খুবই মিস করব প্রিয় বন্ধু বিভু, তোমার জন্য ভালোবাসার উৎসারিত আলো এবং অনেক আনন্দের ডালি রইল।” করণবীর মেহেরা সমাজমাধ্যমে শোক প্রকাশ করে লেখেন, “শান্তিতে ঘুমাও ভাই। খুব তাড়াতাড়ি চলে গেলে।”
কে ছিলেন বিভু রাঘবে?
বিভু রাঘবে টেলিভিশন জগতের অত্যন্ত পরিচিত এক মুখ ছিলেন। বহু জনপ্রিয় শো-তে তিনি অভিনয় করেছেন, যার মধ্যে ‘নিশা অউর উসকে কাজিনস’ বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও তাঁকে ‘সাবধান ইন্ডিয়া’ শো-তেও দেখা গিয়েছিল। ক্যানসারের চিকিৎসা চলাকালীনও বিভু রাঘবে ইনস্টাগ্রামের মাধ্যমে তাঁর অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং তাঁর স্বাস্থ্য সম্পর্কে আপডেট দিতেন। তাঁর মৃত্যুতে বিভুর মা, ভাই ও বোনেরা গভীরভাবে শোকাহত।
টেলিভিশন জগৎ বিভু রাঘবের অকাল প্রয়াণে শোকস্তব্ধ। এই তরুণ অভিনেতার শূন্যস্থান পূরণ হওয়া কঠিন।





