ভারতীয় সিনেমার দুই জীবন্ত কিংবদন্তি কমল হাসন এবং রজনীকান্ত—দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। সিআইআইএমএ (SIIMA) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সুখবরটি নিশ্চিত করেছেন কমল হাসন নিজেই। মঞ্চে ‘কল্কি ২৮৯৮ এ.ডি.’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার নিতে গিয়ে এই ঘোষণা দেন তিনি।
মঞ্চে যখন কমল হাসনকে জিজ্ঞেস করা হয় রজনীকান্তের সঙ্গে নতুন কোনো ছবিতে জুটি বাঁধছেন কিনা, তখন তিনি বলেন, “যদি দর্শক খুশি হন, আমরাও খুশি হব। অনেকদিন ধরেই এটা আলোচনা চলছিল। একসময় আমাদের দু’জনকে একটিমাত্র বিস্কুট দেওয়া হয়েছিল—আমরা দু’জনেই তার অর্ধেক খেয়েই খুশি হয়েছিলাম। এখন তাই একসঙ্গে ফিরছি।”
কমল আরও স্পষ্ট করে দেন যে তাঁদের মধ্যে কোনো প্রতিযোগিতা ছিল না। তিনি বলেন, “প্রতিদ্বন্দ্বিতা কল্পনা করেছে দর্শক। আমরা চাইতাম একে অপরের ছবি প্রযোজনা করতে।”
যদিও ছবির নাম বা চিত্রনাট্য এখনো প্রকাশিত হয়নি, তবে জোর গুঞ্জন চলছে যে এই ছবির পরিচালকের আসনে থাকতে পারেন লোকেশ কানাগারাজ। এর আগে তিনি কমলের ব্লকবাস্টার ছবি ‘বিক্রম’ পরিচালনা করেছিলেন। সম্প্রতি, লোকেশ তার নতুন ছবি ‘কুলি’-এর প্রচারে জানিয়েছেন, তিনি কমলকে তার এলসিইউ (Lokesh Cinematic Universe)-তে একটি ক্যামিও চরিত্রে নিতে চান।
কমল-রজনী জুটিকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল তাদের ক্যারিয়ারের শুরুর দিকে, যেমন—‘অপুর্বরাগাঙ্গাল’, ‘মূন্দ্রু মুডিচু’ এবং ‘আভারগল’-এর মতো ক্লাসিক ছবিতে। বহু দশক পর এই দুই মহাতারকার এক ফ্রেমে ফেরা ভারতীয় সিনেমার দর্শকদের জন্য নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে।