টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের রহস্যজনক অন্তর্ধান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিমতার একটি ব্যাঙ্কে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন তিনি, কিন্তু শুক্রবার পার হয়ে গেলেও তাঁর হদিশ মেলেনি। পরিচালক নিখোঁজ হওয়ার ঘটনায় ইতিমধ্য়েই পুলিশ ও রেল পুলিশের তরফে তল্লাশি শুরু হয়েছে।
শেষ লোকেশন উল্টোডাঙা:
পরিচালকের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ২টো ২২ মিনিট নাগাদ উৎসবের সঙ্গে তাঁর শেষবার কথা হয়। এরপর থেকেই তাঁর ফোন বন্ধ। পুলিশি তদন্তে জানা গিয়েছে, তাঁর ফোনের শেষ টাওয়ার লোকেশন ছিল উল্টোডাঙা স্টেশন চত্বর। নিজের ফোনটি বাড়িতে রেখে বাবার ফোন নিয়ে ব্যাঙ্কে গিয়েছিলেন উৎসব।
সাইবার ক্রাইম নিয়ে দুশ্চিন্তা:
মৌপিয়ার দাবি, গত কয়েকদিন ধরে সাইবার ক্রাইম সংক্রান্ত কোনও সমস্যায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন উৎসব। সেই কারণেই সোশ্যাল মিডিয়া থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। ব্যাঙ্কের ওটিপি আসবে বলে নিজের ফোনটি স্ত্রীর কাছে রেখে গিয়েছিলেন পরিচালক।
বিনোদন জগতের হইহুল্লোড় থেকে দূরে থাকা এই পরিচালকের সঙ্গে কারও শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত কোনও মুক্তিপণের ফোন আসেনি বলে জানিয়েছে পরিবার।





