বিনোদন জগতে আজকের সবচেয়ে আলোচিত খবরগুলো জানতে চোখ রাখুন। সলমন খানের বিরুদ্ধে ‘গুণ্ডা’ বলে অভিযোগ তুললেন পরিচালক অভিনব কাশ্যপ। অন্যদিকে, অভিনেত্রী কৃতি স্যানন প্রযোজনা জগতে পা রাখলেন। আর দর্শকদের মন জয় করার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে রাজকুমার রাওয়ের নতুন ছবি।
‘দাবং’ ছবির পরিচালক অভিনব কাশ্যপ ফের বিস্ফোরক মন্তব্য করে সলমন খান ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। অভিনবের দাবি, সলমন কেবল অভিনেতা নন, তার আচরণে ‘গুণ্ডা-মস্তান’দের মতো ভাবভঙ্গি দেখা যায়। পরিচালক বলেন যে, সলমন কখনও অভিনয়ে মনোযোগ দিতেন না এবং তার পরিবার বিগত ৫০ বছর ধরে ইন্ডাস্ট্রিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। অভিনবের অভিযোগ, “ওঁদের গোটা পরিবার প্রতিহিংসাপরায়ণ। আমি ওঁদের কথা না শুনলে ওঁরা টিকতে দেবেন না। ‘দাবং’ করার আগে বুঝিনি যে, সলমন খান এতটা নোংরা মানুষ।”
অভিনয়ের পর এবার প্রযোজনাতেও নামলেন কৃতি স্যানন। তিনি জানিয়েছেন, তিনি কেবল বিনোদনমূলক নয়, বরং সামাজিক সচেতনতামূলক বিষয় নিয়েও সিনেমা বানাতে চান। কৃতি মনে করেন, প্রযোজনা এমন একটি ক্ষেত্র যেখানে নারীদের উপস্থিতি এখনো সীমিত, কিন্তু তিনি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তিনি বলেন, “আমি এমন সব গল্প সামনে আনতে চাই, যেগুলো মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে। সমাজে মেয়েদের সম্পত্তির অধিকার থেকে শুরু করে লিঙ্গবৈষম্যের মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো নিয়ে সিনেমা হওয়া উচিত।”
বড় পর্দায় দুর্দান্ত সাফল্যের পর এবার রাজকুমার রাও অভিনীত গ্যাংস্টার ছবি ‘মালিক’ আসছে ওটিটি প্ল্যাটফর্মে। পরিচালক পুলকিতের এই ছবিতে রাজকুমার রাও গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মেধা শঙ্কর, হুমা কুরেশি ও মানুষী চিল্লার-এর মতো অভিনেতারাও আছেন। রাজকুমার এই চরিত্রের জন্য শারীরিক পরিবর্তন করেছেন এবং কঠিন অ্যাকশন দৃশ্যে নিজেই অভিনয় করেছেন। অ্যামাজন প্রাইম ভিডিওতে এই ছবিটি দেখা যাবে।