শুটিং সেটে দীপিকার ব্যাগ খুলতেই বেরোল আধখাওয়া খাবার! গ্ল্যামার কুইনের কাণ্ড দেখে হেসেই খুন নেটিজেনরা

গ্ল্যামার দুনিয়ার ঝকঝকে আলো, ক্যামেরার ঝলকানি আর ভারী মেকআপের আড়ালে দীপিকা পাড়ুকোন যে আদতে একজন সাধারণ মা, তার প্রমাণ মিলল সম্প্রতি। বলিউডের এই গ্ল্যামার কুইনের জীবন এখন আবর্তিত হচ্ছে তাঁর একমাত্র মেয়ে দুয়া-কে কেন্দ্র করে। এতটাই যে, মেকআপ ব্যাগ বা পারফিউমের বদলে তাঁর ব্যাগে এখন জায়গা করে নিয়েছে মেয়ের আধখাওয়া খাবার!
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা নিজেই এক মজার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। শুটিং সেটে তাড়াহুড়ো করে বেরোনোর পর কাজের মাঝে ব্যাগ খুলে তিনি দেখেন, ভেতরে পড়ে রয়েছে মেয়ের খাওয়া ‘থেপলা’-র (গুজরাটি খাবার) বাকি অংশ। ঘটনাটি দেখে শুটিং সেটে হাসির রোল পড়ে যায়। দীপিকা হেসে বলেন, “ওই মুহূর্তে মনে হয়েছিল দুয়া বুঝি আমার সঙ্গেই শুটিং করতে এসেছে। ও এখন আমার জীবনের সবকিছু।” গ্ল্যামার দুনিয়ার শীর্ষে থেকেও দীপিকার এই আটপৌরে রূপ মন জয় করে নিয়েছে অনুরাগীদের।
উল্লেখ্য, মাতৃত্বকালীন অবসরের পর কাজে ফিরলেও দীপিকা এখন শর্ত রেখেছেন দিনে মাত্র ৮ ঘণ্টা কাজ করার। এই জেদের কারণে বেশ কিছু বড় প্রজেক্ট থেকে তিনি বাদ পড়েছেন বলেও শোনা যাচ্ছে। কিন্তু দীপিকা স্পষ্ট করে দিয়েছেন, তাঁর কাছে কেরিয়ারের চেয়ে মেয়ের সঙ্গে সময় কাটানোই এখন বেশি গুরুত্বপূর্ণ। রুপোলি পর্দার ‘পদ্মাবতী’ এখন বাস্তবের ‘সুপার মম’ হয়েই দিন কাটাচ্ছেন।