বলিউডের বিগ বি পত্নী জয়া বচ্চনের রাগ যে আগ্নেয়গিরির মতো, তা মোটামুটি সবার জানা। তবে সেই রাগ এবার শুটিং সেটে সহ-অভিনেতার ওপর প্রয়োগ করেছিলেন তিনি।
ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেতা দীনেশলাল যাদব ওরফে নিরাহুয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা জানিয়েছেন। তিনি ভোজপুরি ছবি ‘গঙ্গাদেবী’-তে জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন।
কেন লাঠি মারলেন জয়া?
দীনেশলাল জানান, শুটিং চলাকালীন অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর রসিকতা চলত, কিন্তু জয়া বচ্চনকে তিনি একটু ভয়ই পেতেন। এর মধ্যেই ঘটে যায় সেই অবাক করা ঘটনা।
দীনেশলালের কথায়, “এই ছবিতে জয়া বচ্চন আমার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমায় একটা দৃশ্য ছিল, আমি আমার স্ত্রীর গালে চড় মেরেছি। আর সেই কারণে জয়া বচ্চন আমাকে মারবেন।”
এই দৃশ্যের শুটিংয়েই জয়া বচ্চন তাঁকে সত্যি সত্যি লাঠি দিয়ে মেরেছিলেন! দীনেশ খুব অবাক হয়েছিলেন ওঁর এমন কাণ্ডে। পরে অবশ্য জয়া তাঁকে কিছু মনে না করতে বলেছিলেন।
দীনেশলাল অবশ্য বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছেন। তিনি বলেন, “আসলে জয়াজি এবং অমিতাভজি এত বড় অভিনেতা যে তাঁদের ওই মারও আমার কাছে আশীর্বাদের মতো।”





