বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান সম্প্রতি তাঁর অভিনয় জীবনের কিছু মজার এবং অস্বস্তিকর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, কীভাবে এক সহ-অভিনেতার মুখের রসুনের গন্ধে তিনি বিপর্যস্ত হয়েছিলেন। পাশাপাশি, সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর প্রথম অনস্ক্রিন চুমুর দৃশ্যের কথাও তুলে ধরেন, যেখানে সঞ্জয় তাঁকে স্বাচ্ছন্দ্য বোধ করতে সাহায্য করেছিলেন।
দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বিদ্যা বালান জানান যে, একবার একটি অন্তরঙ্গ দৃশ্যের শ্যুটের সময় তাঁর এক সহ-অভিনেতা ব্রেকে চাইনিজ খাবার খেয়ে আসেন। কিন্তু শট দেওয়ার আগে তিনি দাঁত মাজেননি। বিদ্যা বলেন, যখন তিনি তাঁকে চুমু খাচ্ছিলেন, তখন রসুনের এবং সয়া সসের তীব্র গন্ধ পাচ্ছিলেন।
এই অস্বস্তিকর পরিস্থিতিতে তিনি মনে মনে ভাবছিলেন, “এর কি কোনো গার্লফ্রেন্ড নেই?” অভিনেত্রী আরও জানান যে, সেই মুহূর্তে তিনি ওই অভিনেতাকে মিন্ট বা অন্য কোনো মুখশুদ্ধি অফার করতে পারেননি, কারণ তখন তিনি ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন এবং ভয় পেয়েছিলেন।
এই সাক্ষাৎকারে বিদ্যা বালান তাঁর প্রথম অনস্ক্রিন চুম্বন নিয়েও কথা বলেন। তিনি জানান যে, সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর প্রথম চুমুর দৃশ্য ছিল। এই দৃশ্যের আগে সঞ্জয় দত্ত তাঁকে স্বাচ্ছন্দ্যে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। শটের আগে ভোরবেলা সঞ্জয় তাঁর সঙ্গে দেখা করে জানান যে, তিনি খুব নার্ভাস বোধ করছেন। তিনি বিদ্যাকে জিজ্ঞাসা করেন, দৃশ্যটি কীভাবে করা উচিত। এতে বিদ্যা বালান মানসিকভাবে অনেকটা স্বস্তি পান।
বিদ্যা আরও জানান, চুমুর দৃশ্যের শুটিং শেষ হওয়ার পর সঞ্জয় দত্ত তাঁর কাছে এসে বলেন, দৃশ্যটি ভালো হয়েছে। এরপর তাঁর কপালে একটি চুমু দিয়ে সেখান থেকে চলে যান। সঞ্জয় দত্তের এই আচরণে তিনি দারুণভাবে প্রভাবিত হয়েছিলেন। এই দুটি ভিন্ন অভিজ্ঞতা তুলে ধরে বিদ্যা বালান দেখালেন যে, শ্যুটিংয়ের সময় অভিনেত্রীদের কেমন পরিস্থিতিতে পড়তে হয়।





