মিঠুন-কুণালের সম্মুখ সমর! ১০০ কোটি টাকার মানহানির মামলা, এই মামলার কারণ কী?

রাজনৈতিক বাগযুদ্ধ এবার আদালতের দরজায়। বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। মিঠুনের অভিযোগ, কুণাল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে এবং তাঁর পরিবারকে নিয়ে কুরুচিকর ও মিথ্যা মন্তব্য করেছেন।

মিঠুন চক্রবর্তীর দাবি, কুণাল ঘোষ প্রকাশ্যে তাঁকে চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন। শুধু তাই নয়, বিজেপিতে যোগ দেওয়ার কারণ হিসেবে তদন্ত এড়ানোর উদ্দেশ্য রয়েছে বলেও কুণাল মন্তব্য করেছেন। সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, তাঁর ছেলে একটি ধর্ষণ মামলায় জড়িত— এমন মিথ্যা প্রচারও করেছেন কুণাল, যা সম্পূর্ণ ভিত্তিহীন। মিঠুন আরও বলেন, কুণাল তাঁর স্ত্রীকে আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জড়িত বলেও মন্তব্য করেছেন। এই সমস্ত মন্তব্য তাঁর সম্মানহানির জন্য করা হয়েছে দাবি করে তিনি আদালতের কাছে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন।

মিঠুনের এই মামলার জবাবে কুণাল ঘোষও পিছিয়ে নেই। তিনি বলেন, “যার মান থাকে, তার মানহানি হয়। ওঁর মান আছে নাকি যে মানহানি হবে!” কুণাল আরও বলেন, মিঠুনের বিরুদ্ধে চিটফান্ড কেলেঙ্কারির সমস্ত তথ্য তিনি আদালতেই পেশ করবেন এবং এই বিষয়টি সিবিআই তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।

দুই রাজনৈতিক ব্যক্তিত্বের এই আইনি সংঘাত এখন আদালতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আদালত এই মামলায় কী রায় দেয়, সেটাই এখন দেখার বিষয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy