মাথার গুরুতর চোট, মর্মান্তিক মৃত্যু প্রাক্তন মিস ইউনিভার্স প্রতিযোগীর! কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

মাত্র ৩০ বছর বয়সেই থেমে গেল জীবন। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রয়াত হলেন ‘মিস রাশিয়া ২০১৭’-এর ফার্স্ট রানার-আপ এবং মডেল কেসেনিয়া আলেকজান্দ্রোভা। মাত্র চার মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ৫ জুলাই কেসেনিয়া তাঁর স্বামী ইলিয়ার সঙ্গে নিজেদের গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। রাশিয়ার টোভার ওব্লাস্ট অঞ্চলে হঠাৎই একটি ‘এলক’ (এক ধরনের বৃহৎ হরিণ) তাঁদের গাড়ির সামনে চলে আসে। গাড়ির ধাক্কায় জানালার কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ইলিয়া অক্ষত থাকলেও কেসেনিয়ার মাথায় গুরুতর আঘাত লাগে।

ইলিয়া সংবাদমাধ্যমকে জানান, “চোখের নিমেষে পুরো ঘটনাটা ঘটে গেল। কেসেনিয়া জ্ঞান হারিয়ে ফেলেছিল। ওর মাথা থেকে প্রচুর রক্ত বেরোচ্ছিল এবং সামনের খুলির হাড় ভেঙে গিয়েছিল। এটা ছিল ‘ওপেন ক্র্যানিয়াল-ব্রেইন ইনজুরি’।” দুর্ঘটনার খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে জরুরি পরিষেবা দল ঘটনাস্থলে পৌঁছায় এবং কেসেনিয়াকে দ্রুত মস্কোর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসার পরেও শেষ রক্ষা হলো না

গুরুতর আহত অবস্থায় কেসেনিয়াকে স্ক্লিফোসভস্কি ইনস্টিটিউট ফর ইমার্জেন্সি মেডিসিনের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গত ১২ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কেসেনিয়া আলেকজান্দ্রোভার মডেলিং এজেন্সি ‘মোডাস ভিভেন্ডিস’ তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

কে ছিলেন কেসেনিয়া?

মডেলিংয়ের পাশাপাশি কেসেনিয়া একজন থেরাপিস্ট হিসাবেও কাজ করতেন। তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে নিয়মিত সামাজিক মাধ্যমে বিভিন্ন বিষয় শেয়ার করতেন। ২০১৭ সালে ‘মিস রাশিয়া’ প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হওয়ার পর তিনি একই বছর ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় রাশিয়ার প্রতিনিধিত্ব করেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy