মহাপ্রভুর মহাজাগরণের আখ্যান! ছোটপর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘নদের নিমাই’

বাঙালির আবেগ, সংস্কৃতি আর ভক্তি—এই তিনের মেলবন্ধনেই মিশে আছে শ্রীচৈতন্যের নাম। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও তাঁর প্রেম ও মানবতার বাণী আজও প্রাসঙ্গিক। সেই মহাপুরুষের জীবনকাহিনি এবার এক অনন্য আঙ্গিকে ধরা দিতে চলেছে ছোটপর্দায়। আকাশ আটের নতুন ধারাবাহিক ‘নদের নিমাই’ দর্শকদের নিয়ে যাবে পনেরো শতকের নবদ্বীপের সেই সোনালী দিনে, যখন ভক্তির জোয়ারে ভেসেছিল সারা ভারত। আগামী ২৯ জুন থেকে সোম থেকে শনি, প্রতিদিন সন্ধ্যা ৭টায় এই মহাকাব্যিক সফরের সাক্ষী হতে পারবেন দর্শকরা।
নবদ্বীপ তখন জ্ঞানচর্চা, তর্ক-বিতর্ক ও শাস্ত্রবিদ্যার পীঠস্থান। সেই জনপদেই জন্ম নিয়েছিলেন এক অসাধারণ প্রতিভা, যিনি পরবর্তীতে কোটি কোটি মানুষের কাছে ‘মহাপ্রভু’ হয়ে ওঠেন। কিন্তু তাঁর এই মহাপ্রভু হয়ে ওঠার যাত্রা মোটেই মসৃণ ছিল না। শৈশবের দুরন্তপনা, তীক্ষ্ণ মেধা, পারিবারিক টানাপোড়েন, সমাজের সঙ্গে সংঘাত এবং এক গভীর আধ্যাত্মিক জাগরণের পথ ধরে নিমাই কীভাবে অদ্বৈত ভাবনায় নিজেকে নিমগ্ন করেছিলেন, সেই লড়াইয়ের গল্পই তুলে ধরবে এই ধারাবাহিক।
যে সময়ে সমাজ জাতপাত, বিভেদ ও কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ ছিল, সেই সময় শ্রীচৈতন্য মানুষের সামনে তুলে ধরেছিলেন প্রেম ও সাম্যের এক নতুন পথ। তাঁর নামসংকীর্তন কেবল ধর্মীয় রীতি ছিল না, ছিল মানুষকে মানুষ হিসেবে দেখার এক গভীর মানবিক আহ্বান। ‘নদের নিমাই’ ধারাবাহিকে কেবল আধ্যাত্মিকতার গল্প নয়, বরং ফুটে উঠবে সেই সময়ের সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের এক জীবন্ত প্রতিচ্ছবি। পারিবারিক সম্পর্কের আবেগ, জীবনের নানা ঘাত-প্রতিঘাত এবং সত্যের সন্ধানে এক মানুষের অসাধারণ অভিযাত্রার দলিল এই ধারাবাহিক।
সুশান্ত বসুর সুদক্ষ পরিচালনায় এই সিরিজের গবেষণা ও কাহিনি লিখেছেন গীতা বিশ্বাস। চিত্রনাট্য ও সংলাপের দায়িত্ব সামলেছেন ঋতম ঘোষাল, সায়ন চৌধুরী ও অঞ্জন চক্রবর্তী। বড় নিমাইয়ের চরিত্রে আরিয়ান প্রতিম মাইতি এবং ছোট নিমাইয়ের ভূমিকায় সাফল্য দেবনাথের অভিনয় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। শচীমাতার চরিত্রে সৌমি ব্যানার্জি এবং জগন্নাথের ভূমিকায় অরিন্দম চ্যাটার্জি ছাড়াও অদ্বৈত আচার্যের ভূমিকায় বোধিসত্ত্ব মজুমদারের মতো শিল্পীদের উপস্থিতি এই ধারাবাহিককে সমৃদ্ধ করে তুলবে।
ভক্তি, আবেগ, মানবতা ও অলৌকিক অনুভূতির মিশেলে নির্মিত এই ধারাবাহিক দর্শকদের এক অন্য অভিজ্ঞতার জগতে নিয়ে যাবে। ২৯ জুন থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টায় আকাশ আটের পর্দায় চোখ রাখুন, কারণ ‘নদের নিমাই’ কেবল একটি টেলিভিশন শো নয়, এটি বাঙালির চিরন্তন বিশ্বাসের এক নতুন উদযাপন।