‘ব্যক্তিগত প্রশ্ন করবেন না’, রাঘবের সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে আসল সত্যিটা জানালেন শেহনাজ!

বিনোদন জগতে তারকাদের প্রেম ও সম্পর্কের গুঞ্জন নতুন কোনও ঘটনা নয়। তবে কিছু জুটির রসায়ন নিয়ে নেটিজেনদের কৌতূহল সবর্দাই তুঙ্গে থাকে। ঠিক তেমনই এক চর্চিত জুটি হলেন অভিনেত্রী-গায়িকা শেহনাজ গিল এবং অভিনেতা-নৃত্যশিল্পী রাঘব জুয়াল। বলিপাড়ার অলিতে-গলিতে দীর্ঘ দিন ধরেই তাঁদের প্রেমের জল্পনা কান পাতলেই শোনা যাচ্ছে। আর সম্প্রতি এই জল্পনার আগুনে যেন ঘৃতাহুতি পড়েছে।
রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে তাঁদের দু’জনকে হাত ধরাধরি করে প্রবেশ করতে দেখা যায়। শুধু তাই নয়, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুমুল ভাইরাল হয়, যেখানে গাড়িতে ওঠার সময় শেহনাজকে রাঘবের কোলে বসতে দেখা গিয়েছে বলে দাবি নেটিজেনদের। এই সব কানাঘুষোর মাঝেই এবার নীরবতা ভাঙলেন শেহনাজ এবং রাঘবের সঙ্গে তাঁর সমীকরণ স্পষ্ট করলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শেহনাজকে সরাসরি রাঘবের সঙ্গে তাঁর ডেটিংয়ের বিষয়ে প্রশ্ন করা হলে, অত্যন্ত বিনম্রভাবে অথচ কড়া ভাষায় পরিস্থিতি সামাল দেন তিনি। নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই ভালোবাসেন অভিনেত্রী। তাই সরাসরি প্রেমের কথা স্বীকার বা অস্বীকার না করে তিনি বলেন, “অনুগ্রহ করে ব্যক্তিগত কোনও প্রশ্ন করবেন না।” তবে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তিনি আলোচনার মোড় ঘুরিয়ে দেন রাঘবের আসন্ন সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’-এর দিকে।
নিজেদের রসায়নকে ‘ভাল বন্ধুত্ব’ হিসেবে উল্লেখ করে শেহনাজ বলেন, “আমার বন্ধুর ছবি আসছে, ‘ভাই তেরা স্টার হ্যায়’। আপনারা ছবিটিকে ভালবাসা দিন। ও আমার খুব ভাল বন্ধু এবং ওর এই সিনেমাটি সফল হওয়া ভীষণ প্রয়োজন।” রাঘবের ভূয়সী প্রশংসা করে শেহনাজ আরও বলেন, “রাঘব এই প্রথমবার মূল চরিত্র হিসেবে বড় পর্দায় আসছে। ও গডফাদারহীন একজন ছেলে, যা কিছু অর্জন করেছে সম্পূর্ণ নিজের পরিশ্রমে। তাই সবার কাছে অনুরোধ, হলে গিয়ে ওর ছবিটা দেখুন।”
এই প্রেমের গুঞ্জনের সূত্রপাত ২০২৩ সালে মুক্তি পাওয়া সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির সেট থেকে। সেই ছবির প্রচারে খোদ ভাইজান ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে তিনি সেটে দু’জনের মধ্যে দারুণ কেমিস্ট্রি দেখেছেন। রাঘব আগে এই দাবি উড়িয়ে দিয়ে নিজেকে সিঙ্গেল দাবি করলেও, শেহনাজ-রাঘবের সাম্প্রতিক ঘনিষ্ঠতা কিন্তু বিনোদন দুনিয়ার ফিসফাস সহজে থামতে দিচ্ছে না।