পরিচালক বিবেক অগ্নিহোত্রী-র নতুন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। মুক্তির এক সপ্তাহ পরেও ছবিটি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি। Sacnilk-এর রিপোর্ট অনুযায়ী, এই ছবির মোট আয় মাত্র ১১.২৫ কোটি টাকা। মুক্তির সপ্তম দিনেও ছবিটি ১ কোটি টাকার বেশি আয় করতে ব্যর্থ হয়েছে।
বিবেক অগ্নিহোত্রী তার আগের ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর তুলনায় সামান্য এগিয়ে থাকলেও, তার ব্লকবাস্টার হিট ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর ধারেকাছেও পৌঁছতে পারেনি ‘দ্য বেঙ্গল ফাইলস’। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইলস’ বক্স অফিসে ২৫০ কোটিরও বেশি ব্যবসা করেছিল। বিবেক অগ্নিহোত্রীর সাম্প্রতিক তিনটি ছবির মধ্যে দু’টিই মাত্র ১০ থেকে ১৫ কোটি টাকার মধ্যে ব্যবসা করেছে।
ছবির এই ভরাডুবির পর বিবেক অগ্নিহোত্রী নিজেকে বাঁচাতে নতুন যুক্তি দাঁড় করিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই ছবিটি নাকি মূলত ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি করা হয়েছিল। তিনি বলেন, “আমি ‘দ্য কাশ্মীর ফাইলস’ থেকে যা আয় করেছিলাম, তার পুরোটাই ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর জন্য খরচ করেছি। এর পরে আমার কী হবে (আর্থিকভাবে), জানি না।”
তিনি আরও বলেন যে, তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ছবির জন্য অর্থ সংগ্রহ করা। শেষ মুহূর্ত পর্যন্ত কেউ তার ছবিতে অর্থায়ন করে না। তিনি আরও বলেন, “আমাদের ইচ্ছা থাকে ১০০ কোটি টাকার ছবি বানানোর, কিন্তু হাতে খুব কম টাকা থাকে, তাই প্রতিটি পয়সা হিসাব করে কাজ করতে হয়।” তার এই মন্তব্যের পর অনেকেই মনে করছেন, বিবেক অগ্নিহোত্রী সম্ভবত ছবির ব্যর্থতা ঢাকার জন্য এসব কথা বলছেন।