‘বিজয় বর্মার সঙ্গে বিচ্ছেদ যন্ত্রণা কাটিয়ে উঠতে পারেননি!’, নতুন জীবনের ইঙ্গিত দিলেন তামান্না ভাটিয়া

একসময়ের বহুল চর্চিত জুটি তামান্না ভাটিয়া এবং বিজয় বর্মার প্রেমের সম্পর্কে এখন ছেদ পড়েছে। দীর্ঘ দু’বছরের প্রেমের পর তাঁদের বিচ্ছেদ হয়েছে। বিচ্ছেদের পর বিজয় নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন শোনা গেলেও, তামান্না নাকি এই বিচ্ছেদ থেকে বেরিয়ে আসতে পারেননি। তবে এবার তিনি জীবনের নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত দিলেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের নতুন শো ‘ডু ইউ ওয়ানা পার্টনার’র প্রচারে এসে তামান্না তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেন। তিনি বলেন, “আমি এমন একজন প্রেমিকা হতে চাই, যার মনে হবে আমার জীবনে তামান্নার আসাটা একটা ভালো সিদ্ধান্ত ছিল। যে-ই সেই ভাগ্যবান মানুষ হোক, আমি এখন থেকেই তার জন্য নিজেকে প্রস্তুত করছি। প্যাকেজ শীঘ্রই ডেলিভার হবে।”

এই মন্তব্যে স্পষ্ট যে, বিচ্ছেদের পর তামান্না ভেঙে পড়েননি। বরং নিজের সম্পর্ক নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি আরও ইতিবাচক হয়েছে। তিনি মনে করেন, একটি সুস্থ সম্পর্ক গড়ার জন্য আগে নিজেকেই প্রস্তুত করা দরকার।

২০২২ সালের ডিসেম্বরে গোয়ায় নববর্ষ উদযাপনের পর থেকেই বিজয় এবং তামান্নার প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর এক পার্টিতে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হলে তাঁদের সম্পর্কের খবর নিশ্চিত হয়। ২০২৩ সালের জুনে তামান্না নিজেই এক সাক্ষাৎকারে জানান, ‘লাস্ট স্টোরিজ ২’-এর শুটিং চলাকালীন তাঁদের সম্পর্ক শুরু হয়েছিল।

শোনা যায়, তামান্না বিয়ের মাধ্যমে থিতু হতে চেয়েছিলেন, কিন্তু বিজয় তাতে রাজি ছিলেন না। এই বিষয় নিয়েই দুজনের মধ্যে মনোমালিন্য হয় এবং শেষ পর্যন্ত তাঁদের সম্পর্কের ইতি ঘটে। তবে, এই সম্পর্ক থেকে বেরিয়ে এসে তামান্না এখন নিজের মতো করে জীবন সাজিয়ে নিচ্ছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy