বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই চরম বিপদে সোহম! অভিনেতার জীবনে এল কোন ভয়াবহ ঝড়?

টলিপাড়ার অন্দরমহলে অভিনেত্রী শোলাঙ্কি রায় এবং অভিনেতা সোহম মজুমদারের সম্পর্ক নিয়ে চর্চা দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ধরে থামার নাম নিচ্ছে না। বারবার দু’জনে নিজেদের শুধুই ভালো বন্ধু বলে দাবি করলেও, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শোলাঙ্কির নিজেকে ‘সিঙ্গল’ বলে উল্লেখ করার একটি পোস্ট নতুন করে জল্পনার আগুন জ্বালিয়ে দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি সত্যিই তাঁদের বিশেষ সম্পর্কের ইতি ঘটল? অতীতে নানা অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি, সোশ্যাল মিডিয়ার আদুরে শুভেচ্ছাবার্তা এবং পোস্টের ব্যাকগ্রাউন্ডে মিল খুঁজে পাওয়ার ঘটনা তাঁদের সম্পর্কের গুঞ্জনকে বহুবার উসকে দিয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালে শাক্য বসুর সঙ্গে বিয়ে হলেও ২০২৩ সালে সেই দাম্পত্যের বিচ্ছেদ ঘটে শোলাঙ্কির।

এই জল্পনার মাঝেই জীবনের এক অত্যন্ত কঠিন ও মর্মান্তিক অধ্যায়ের কথা প্রকাশ্যে এনেছেন অভিনেতা সোহম মজুমদার। দীর্ঘ এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, গত দু’মাস তাঁর এবং তাঁর পরিবারের জন্য চরম পরীক্ষার সময় ছিল। প্রথমে ঠাকুমার মৃত্যু এবং দাদুর কঠিন শারীরিক লড়াইয়ের মধ্যে দিয়ে যাওয়ার পর, নিজেই একটি ছোট অস্ত্রোপচারের মুখোমুখি হন সোহম। সেই ধাক্কা কাটতে না কাটতেই পরিবারের বহু বছরের সঙ্গী ও বাড়ির রাঁধুনি মৌসুমীদির মাত্র ৪৫ বছর বয়সে আকস্মিক মৃত্যু পুরো পরিবারকে মানসিকভাবে ভেঙে দেয়। ছোটবেলা থেকে সোহমকে বড় করে তোলা ওই নারীর চলে যাওয়া পরিবারের এক আপনজনকে হারানোর মতোই যন্ত্রণার ছিল। একের পর এক এই মর্মান্তিক ঘটনায় তাঁর মা এবং পুরো পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তবে এই কঠিন সময়ে যেসব নিঃস্বার্থ বন্ধুরা ও তাঁর মা তাঁর পাশে শক্ত প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন, তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা। জীবনের অনিশ্চয়তার এই শিক্ষা তাঁকে আরও পরিণত করে তুলেছে। একদিকে শোলাঙ্কির ‘সিঙ্গল’ স্ট্যাটাস এবং অন্যদিকে সোহমের জীবনের এই লড়াই—সব মিলিয়ে এই দুই তারকার ব্যক্তিগত জীবন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty