বাবুরাও চরিত্রে ফিরছেন পরেশ রাওয়াল! অক্ষয়ের সঙ্গে আইনি ঝামেলা, তারপরও কেন ‘হেরা ফেরি ৩’-তে রাজি হলেন?

‘হেরা ফেরি’ সিরিজের ভক্তদের জন্য দারুণ খবর! অভিনেতা পরেশ রাওয়াল নিশ্চিত করেছেন যে, তিনি ‘হেরা ফেরি ৩’-তে ফিরছেন। এর মাধ্যমে অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির সঙ্গে আবারও তাকে iconic চরিত্র বাবুরাও হিসেবে দেখা যাবে।

চলতি বছরের শুরুতে পরেশ রাওয়াল এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন, যা নিয়ে তার এবং ছবির প্রযোজকদের মধ্যে আইনি ঝামেলাও হয়েছিল। শোনা গিয়েছিল, পরেশকে ২৫ কোটি টাকার আইনি নোটিশও পাঠানো হয়েছিল। তবে এখন সেই সব অতীত। জুন মাসে পরেশ নিজেই জানিয়েছেন, তাদের মধ্যেকার সব মতবিরোধ মিটে গিয়েছে এবং তিনি আবারও ফিরে এসেছেন।

পরেশ রাওয়াল একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ছবির শুটিং শুরু হবে। তিনি আরও বলেন, অক্ষয়ের সঙ্গে আইনি লড়াই চললেও তার এবং পরিচালক প্রিয়দর্শনের সম্পর্ক কোনোভাবেই খারাপ হয়নি। তাদের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে এবং অতীতের সব ভুল বোঝাবুঝি এখন মিটে গেছে।

পরেশ বলেন, “প্রিয়দর্শনের সঙ্গে আমার সম্পর্ক কখনও খারাপ হয় না। এই সব ঘটনায় আমরা একে অপরকে আরও স্পষ্টভাবে এবং ভালোভাবে বুঝতে পেরেছি। ক্ষত শুকিয়ে গিয়েছে।” সম্প্রতি তিনি প্রিয়দর্শন পরিচালিত নতুন ছবি ‘ভূত বাংলা’-র শুটিং শেষ করেছেন। ‘হেরা ফেরি ৩’ হবে এই পরিচালক-অভিনেতা জুটির ১৫ নম্বর ছবি।

তবে, বাবুরাও চরিত্রটি নিয়ে আলাদা কোনো ‘স্পিন-অফ’ ছবি তৈরির সম্ভাবনা কম বলে জানিয়েছেন পরেশ। তার মতে, বাবুরাও একা থাকতে পারবে না; শ্যাম এবং রাজুও তার জন্য প্রয়োজন। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘হেরা ফেরি’ এবং ২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’-তে পরেশ রাওয়ালের বাবুরাও চরিত্রটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে এটি আজো দর্শকদের মনে গেঁথে আছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy