পুজো দোরগোড়ায় আর এই উৎসবের আমেজে মুক্তি পেল নতুন মিউজিক ভিডিও ‘বলো দুগ্গা মাইকি’। এই ভিডিওতে অভিনয় করেছেন কিংবদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটি ইউটিউবে প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ১ মিলিয়ন (১০ লক্ষ) ভিউ ছাড়িয়ে একটি বিশাল সাফল্য অর্জন করেছে।
‘সারেগামা বাংলা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই গানটি শুধু ইউটিউবেই নয়, ভারতের ইনস্টাগ্রাম রিল মিউজিকের শীর্ষ ৫০-এর মধ্যেও জায়গা করে নিয়েছে। সহায় ফাউন্ডেশন এবং ঝলক ইনফোটেইনমেন্টের যৌথ প্রযোজনায় তৈরি এই গানটি দুর্গাপূজার ভক্তি এবং আনন্দের এক দারুণ উদযাপন।
ভিডিওতে সাবিত্রী চট্টোপাধ্যায় ছাড়াও দেখা গেছে দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়, জন ভট্টাচার্য, রূপসা মুখোপাধ্যায়, রেজওয়ান, প্রদীপ ভট্টাচার্য-সহ আরও অনেক জনপ্রিয় অভিনেতাকে। গানটির কথা লিখেছেন সোমরাজ দাস এবং পরিচালক ও সুরকার দেবাঞ্জন। এই সময়ের জনপ্রিয় গায়িকা শ্রেষ্ঠা দাস গানটিতে কণ্ঠ দিয়েছেন। নির্মাতারা আশা করছেন, এই গানটি এবারের দুর্গাপূজার অন্যতম সেরা হিট গান হয়ে উঠবে।





