পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজল আলিয়া ভাটের ‘রাজি’-র গান! নেটপাড়ায় শুরু চরম ট্রোলিং!

স্বাধীনতা দিবস প্রতিটি দেশের নাগরিকের কাছেই এক পরম গৌরবের মুহূর্ত। ১৫ অগস্ট যেমন ভারত তার স্বাধীনতা উদযাপন করে, ঠিক তেমনই ১৪ অগস্ট পাকিস্তান তাদের স্বাধীনতা দিবস পালন করে থাকে। কিন্তু চলতি বছরে পাকিস্তানের একটি স্বাধীনতা দিবসের রিল ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র শোরগোল ও বিতর্ক। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন এক পাকিস্তানি অভিনেত্রী, যিনি নিজের দেশের স্বাধীনতা দিবসের রিল ভিডিওতে ব্যবহার করেছেন আলিয়া ভাট অভিনীত জনপ্রিয় বলিউড ছবি ‘রাজি’-র জনপ্রিয় দেশাত্মবোধক গান ‘এ ওয়াতন…’। আর এই কাণ্ডের পরেই নেটপাড়ায় সমালোচনার ঝড় উঠেছে।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজরে আসে। পাকিস্তানেরই এক বিশিষ্ট ইনফ্লুয়েন্সার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশ্ন তুলেছেন যে, পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ভারতের একটি সিনেমা এবং তার গান আদৌ কতটা মানানসই। ওই ইনফ্লুয়েন্সার ক্ষোভ প্রকাশ করে বলেন যে, জনসমক্ষে পরিচিত তারকাদের তাদের কনটেন্ট বা বিষয়বস্তু নিয়ে আরও অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত। কারণ তাদের পোস্ট করা ভিডিও লাখো মানুষের কাছে পৌঁছায় এবং দুই দেশের মানুষ এর সম্পূর্ণ ভিন্ন অর্থ বের করতে পারেন। বিশেষ করে ২০১৮ সালে মেঘনা গুলজার পরিচালিত ‘রাজি’ সিনেমাটি মূলত একজন ভারতীয় ‘র’ (RAW) এজেন্টের সত্য ঘটনার ওপর আধারিত এবং এতে পাকিস্তানকে কিছুটা অন্যভাবে দেখানো হয়েছিল বলে মনে করেন অনেকে। সেই দেশেরই স্বাধীনতা দিবসে এই সিনেমার গান ব্যবহার করাকে অত্যন্ত অসম্মানজনক বলে দাবি করেছেন ওই পাক ইনফ্লুয়েন্সার।
ভিডিওটিতে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও জানান যে, এই ভুলের কারণে বর্তমানে ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ও ভ্লগাররা পাকিস্তান এবং তাদের তারকাদের নিয়ে প্রকাশ্যে উপহাস করছেন। তিনি স্পষ্টভাবে জানান যে বিষয়টি বলিউড বা ভারতীয় সঙ্গীতের প্রতি কোনো ব্যক্তিগত ক্ষোভ নয়, বরং প্রতিটি দেশের নিজস্ব দেশাত্মবোধক গান ও সংস্কৃতি থাকা সত্ত্বেও এমন ভুল চয়ন অত্যন্ত হতাশাজনক। এই ঘটনায় অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদল নেটিজেন ওই ইনফ্লুয়েন্সারের সঙ্গে সুর মিলিয়ে অভিনেত্রীর এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের সমালোচনা করেছেন, অন্যদিকে একাংশ আবার এতে কোনো অন্যায় দেখছেন না। সব মিলিয়ে পিকাস্তানি অভিনেত্রীর এই ভুল পদক্ষেপ দুই দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।