সকাল থেকেই অঝোরে বৃষ্টিতে ভাসছে তিলোত্তমা! জলমগ্ন কলকাতার রাস্তা, চরম ভোগান্তির ছবি কোন কোন এলাকায়?

সকাল থেকে একটানা ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাঘাট। অবিরাম বৃষ্টির জেরে আমহার্স্ট স্ট্রিট, মুক্তারাম স্ট্রিট, বেহালা বিবেকানন্দ পল্লি এবং পাতিপুকুরের মতো জনবহুল এলাকায় জল জমে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম অসুবিধা তৈরি হয়েছে। বিশেষ করে এম জি রোডের মতো ব্যস্ততম রাস্তায় জল থইথই করায় যানজটের তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতেও যাত্রীদের ভোগান্তি কমাতে কোমর জলে নেমে ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন কলকাতা ট্রাফিক পুলিশের কর্মীরা। অন্যদিকে, জল নামাতে ময়দানে নেমে কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। পাম্প চালিয়ে এবং বড় ট্যাঙ্কার এনে জল সরানোর কাজ দ্রুত গতিতে চলছে। তবে শহরাঞ্চলের অলিগলিতে জল জমে যাওয়ায় অতীতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মর্মান্তিক ঘটনার কথা মাথায় রেখে বাড়তি সতর্কতা অবলম্বন করছেন শহরবাসী।
শুধু কলকাতাই নয়, ভারী বৃষ্টির জেরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজ্যর বিভিন্ন জেলাগুলিতেও। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক নিচু এলাকায় জল ঢুকে যাওয়ার খবর মিলেছে। এমনকী জেলার অনেক স্কুলের ক্লাসরুমের অন্দরেও জল জমে যাওয়ার কারণে স্বাভাবিক পঠনপাঠন ব্যাহত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে অতি বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী, আগামী কাল মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া—এই সাতটি জেলায় ১১০ মিলিমিটার থেকে শুরু করে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে উত্তাল হয়ে থাকবে উত্তর বঙ্গোপসাগর। সমুদ্রপৃষ্ঠে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। এই বিপজ্জনক পরিস্থিতির কারণে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে থাকা সমস্ত মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষ এবং উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্ব বজায় রাখতে ও সতর্ক থাকার বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।