পরকীয়ার গুঞ্জনের মাঝেই বান্ধবীর সঙ্গে হাতেনাতে ধরা পড়লেন গোবিন্দা? স্ত্রীর বিস্ফোরক মন্তব্যে তুলকালাম!

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজার দীর্ঘ বিবাহিত জীবনের গৃহকোণে এখন অশান্তির কালো মেঘ। জল যে অনেকটাই গড়িয়েছে, তার প্রমাণ মেলে সাম্প্রতিক কিছু ঘটনায়। সম্প্রতি গোবিন্দার একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্যকে ঘিরে বলিপাড়ায় বিতর্কের পারদ চড়ছিল, আর ঠিক তার মাঝেই আগুনের তীব্রতা বাড়িয়ে দিল নতুন এক দৃশ্য। দীর্ঘদিন ধরে যাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন চলছে, সেই চর্চিত বান্ধবী কোমলের সঙ্গে প্রকাশ্যে দেখা গেল বর্ষীয়ান এই অভিনেতাকে। আর এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো তেলেবেগুনে জ্বলে উঠলেন স্ত্রী সুনীতা।

প্যাপারাজ্জিদের মুখোমুখি হতেই সুনীতাকে এই সংবেদনশীল বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়। উত্তর দিতে গিয়ে বিন্দুমাত্র দ্বিধা করেননি তিনি। অত্যন্ত কড়া ভাষায় সুনীতা বলেন, “একটা বহুল প্রচলিত কথা আছে না, বিনাশ কালে বিপরীত বুদ্ধি! ওর স্বাভাবিক বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়েছে, তাই এখন এসব করে বেড়াচ্ছে। আমি আর কী-ই বা বলব!” সুনীতার এই মন্তব্যের পরই নেটপাড়ায় চরম আলোড়ন সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই অনেকে গোবিন্দাকে কটাক্ষ করে ‘চিটার নম্বর ওয়ান’ বলে ডাকতে শুরু করেছেন।

সেই প্রসঙ্গ টেনে সুনীতা পাল্টা প্রশ্ন ছুড়ে দেন অভিনেতার অন্ধ অনুরাগী ও সংবাদমাধ্যমের দিকে। তিনি সাফ জানান, “আমি মুখ খুললেই তো একদল লোক আমাকে ট্রোল করতে শুরু করে। এবার গোবিন্দার অন্ধ ভক্ত আর মিডিয়া সরাসরি গিয়ে ওর কাছ থেকেই জবাব চাইুক। আমার আর এসব নোংরামো নিয়ে কোনো কথা বলার ইচ্ছে নেই!”

ঘটনার সূত্রপাত হয়েছিল গোবিন্দার একটি বিতর্কিত সাক্ষাৎকারকে কেন্দ্র করে। সেখানে তিনি দাবি করেছিলেন যে, ৩৪ বছর বয়স পর্যন্ত তিনি অত্যন্ত নিষ্পাপ ছিলেন। কিন্তু তার পরেই তিনি এক চমকপ্রদ মন্তব্য করেন, “মিষ্টির দোকানে গিয়ে কেউ যদি খালি পেটে ফিরে আসে, তবে তার চেয়ে দুঃখের আর কী হতে পারে!” এই মন্তব্যের পরই বলিপাড়ায় জোর জল্পনা শুরু হয়, তবে কি স্ত্রীর আনা পরকীয়ার অভিযোগ পরোক্ষভাবে স্বীকার করেই নিলেন গোবিন্দা? অন্যদিকে নিজের সাফাইতে অভিনেতা জানান, সুনীতার চারটে ভালো কথা বলে মিষ্টি হেসে খোঁচা দেওয়ার স্বভাব রয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই এক রিয়েলিটি শো-তে গিয়ে সুনীতা জানিয়েছিলেন যে, ইন্ডাস্ট্রিতে নায়কদের একাধিক সম্পর্ক থাকে এবং ভালোবেসে তা সহ্য করে নিতে হয়। তবে এখন তাঁদের এই প্রকাশ্য সংঘাত সম্পর্কের বিচ্ছেদের দিকে এগোচ্ছে কি না, সেদিকেই নজর নেটিজেনদের।