ন্যাশনাল ক্রাশ এখন বীর হিরানি! ‘প্রীতম’ হয়েই কী এমন জাদু করলেন রাজকুমার হিরানির ছেলে?

‘অ্যানিম্যাল’ মুক্তির পর তৃপ্তি দিমরি যেভাবে ন্যাশনাল ক্রাশের তকমা পেয়েছিলেন, ঠিক সেই জোয়ারই এখন বলিউডে বইছে বীর হিরানিকে কেন্দ্র করে। রাজকুমার হিরানির পুত্র বীর বর্তমানে নেটপাড়ার নতুন সেনসেশন। ‘প্রীতম অ্যান্ড পেদ্রো’ সিরিজে সহজ-সরল ‘প্রীতম’-এর চরিত্রে তাঁর সাবলীল অভিনয় এবং মোহময়ী ব্যক্তিত্বে মুগ্ধ মহিলা অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চলছে প্রশংসার বন্যা—কেউ বলছেন ‘কিউট’, তো কেউ আবার তাঁকে ‘ইন্টারনেটের নতুন হার্টথ্রব’ হিসেবে অভিহিত করছেন। কিন্তু এই সাফল্যের নেপথ্যে রয়েছে ১২ বছরের দীর্ঘ কঠোর পরিশ্রম এবং অদম্য জেদ।
বলিউডের সফলতম পরিচালকের ছেলে হওয়া সত্ত্বেও বীরের জার্নিটা মোটেই বিছানো ছিল না গোলাপের পাপড়িতে। রাজকুমার হিরানি বরাবরই চেয়েছিলেন বীর পরিচালনার দিকে আসুক। মাত্র ৩ বছর বয়সে ‘মুন্নাভাই এমবিবিএস’-এ ‘শর্ট সার্কিট’-এর চরিত্রে ছোট্ট একটি দৃশ্যে দেখা গিয়েছিল তাঁকে। সেই শুরু। তবে অভিনয়ে আসার সিদ্ধান্তটা ছিল সম্পূর্ণ বীরের নিজস্ব। শোনা যায়, বাবার তৈরি বিখ্যাত ‘থ্রি ইডিয়টস’-এর সংলাপ ব্যবহার করেই তিনি বাবাকে রাজি করিয়েছিলেন নিজের স্বপ্ন পূরণে। রাজকুমার হিরানিও শর্ত দিয়েছিলেন, “আমার ছেলে বলে সুযোগ নয়, অডিশন দিতে হবে সাধারণ অভিনেতাদের মতোই।”
নিজে হাতে সিনেমা নির্মাণ শিখেছেন বীর। লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অফ ড্রামাটিক আর্ট থেকে অভিনয়ে স্নাতক হওয়ার পর তিনি ‘সঞ্জু’ ও ‘পিকে’-র সেটে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এই অভিজ্ঞতা তাঁকে রণবীর কাপুর, সুশান্ত সিং রাজপুত এবং অনুষ্কা শর্মার মতো বড় শিল্পীদের খুব কাছ থেকে দেখার সুযোগ করে দেয়। ভারতে ফিরে ফিরোজ আব্বাস খানের নির্দেশনায় ‘লেটারস ফ্রম সুরেশ’ নাটকে একটানা ৩৫ মিনিটের মনোলগ দিয়ে প্রমাণ করেছিলেন তিনি তৈরি। অসংখ্য অডিশনে ব্যর্থ হওয়ার পর নিজের ভুল বিশ্লেষণ করতে তিনি ভয়েস রেকর্ড করে রাখতেন। অবশেষে পরিচালক অবিনাশ অরুণের এই প্রজেক্টে প্রধান চরিত্র পাওয়ার পর যেন বৃত্ত সম্পূর্ণ হলো। ২৪ বছর আগে আরশাদ ওয়ার্সির কোলে চড়া সেই খুদে বীর, আজ আরশাদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে একজন পেশাদার লিড অ্যাক্টর হিসেবে অভিনয় করলেন।
সিরিজে প্রযুক্তি-সচেতন ইঞ্জিনিয়র প্রীতমের চরিত্রে আরশাদ ওয়ার্সি, বিক্রান্ত ম্যাসি, বোমান ইরানি এবং মোনা সিং-এর মতো অভিজ্ঞ অভিনেতাদের ভিড়েও বীর নিজের সাবলীল উপস্থিতি বজায় রেখেছেন। আরশাদ ওয়ার্সির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বীর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আপনার পাশে থাকাটা আমার ভয়কে রোমাঞ্চে বদলে দিয়েছিল।” এই সাফল্যের পর বীরকে এবার দেখা যাবে বড় পর্দায়। হানসাল মেহতা প্রযোজিত ও লিজো জোসে পেলিসেরি পরিচালিত ‘লগন লাগি রে’ সিনেমার হাত ধরে রূপোলি পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর, যেখানে সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন অস্কারজয়ী এআর রহমান। শোনা যাচ্ছে, শাকুন বাত্রার আগামী ডিজিটাল প্রজেক্টেও ওয়ামিকা গাব্বির বিপরীতে মূল চরিত্রে দেখা যাবে এই নতুন হার্টথ্রবকে।