দিশা পাটানির বাড়িতে মুহুর্মুহু গুলি! হামলার দায় স্বীকার করল গ্যাংস্টার গোল্ডি ব্রারের গোষ্ঠী

জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানির উত্তরপ্রদেশের বরেলির সিভিল লাইনসের বাড়ির সামনে শুক্রবার ভোররাতে মুহুর্মুহু গুলি চালানোর ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বাইকে করে আসা দুই দুষ্কৃতী ভোর সাড়ে ৪টা নাগাদ অন্তত সাত রাউন্ড গুলি ছোড়ে, যার মধ্যে দুটি গুলি শূন্যে চালানো হয়। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। এই হামলার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ব্রারের গোষ্ঠী।

পুলিশ সূত্রে খবর, হামলার পরপরই সোশ্যাল মিডিয়ায় একটি হুমকি বার্তা ভাইরাল হয়। হিন্দিতে লেখা সেই বার্তায় সরাসরি দিশা ও তাঁর পরিবারের সদস্যদের নাম করে হুমকি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, “খুশবু পাটানি/দিশা পাটানির বাড়িতে যে গুলি চলেছে, সেটা আমরাই করিয়েছি। উনি আমাদের গুরুজনদের (প্রেমানন্দজি মহারাজ ও অনিরুদ্ধাচার্যজি মহারাজ) অপমান করেছেন। আমাদের ধর্মকে হেয় করার চেষ্টা করেছেন।” বার্তায় এটি একটি ‘ট্রেলার’ বলে উল্লেখ করা হয় এবং ভবিষ্যতে কেউ ধর্ম বা গুরুজনদের অসম্মান করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

জানা গেছে, গত জুলাই মাসে দিশার বোন খুশবু পাটানি সামাজিক মাধ্যমে একটি স্টোরি দিয়েছিলেন, যেখানে তিনি অনিরুদ্ধাচার্যজিকে নিয়ে কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন। প্রথমে সেই মন্তব্য ভুলবশত প্রেমানন্দ মহারাজের বিরুদ্ধে বলে ধারণা করা হলেও, পরে খুশবু একটি ভিডিও বার্তায় স্পষ্ট করেন যে তার মন্তব্য কেবল অনিরুদ্ধাচার্যজিকে উদ্দেশ্য করেই ছিল।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ফুটেজে দেখা গেছে, দুই দুষ্কৃতী গুলি চালানোর পর দ্রুত বাইকে করে দিল্লি-লখনউ হাইওয়ে ধরে শহর ছেড়ে পালিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, এই হামলার পেছনে বাইরের লোকজন জড়িত। হামলার রহস্য উদ্ঘাটন এবং দুষ্কৃতীদের ধরতে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy