বলিউড সুপারস্টার গোবিন্দার দাম্পত্য জীবন নিয়ে যখন বিচ্ছেদের গুঞ্জন চলছে, তখন তার স্ত্রী সুনীতা আহুজা একটি রিয়েলিটি শো-তে এসে তাদের সম্পর্ক এবং গোবিন্দার স্বভাব নিয়ে অকপট মন্তব্য করে সবাইকে চমকে দিয়েছেন। সম্প্রতি একটি শো-এর মঞ্চে তিনি জানান, তার স্বামী গোবিন্দা নাকি অনেক সহ-অভিনেত্রীর সঙ্গেই ফ্লার্ট করতেন। তবে এই ক্ষেত্রে সোনালি বেন্দ্রেকে (Sonali Bendre) নাকি রেহাই দিয়েছিলেন তিনি।
সম্প্রতি ‘পতি পত্নী অউর পঙ্গা – জোড়িয়োঁ কা রিয়েলিটি চেক’ নামক রিয়েলিটি শো-তে অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলেন সুনীতা আহুজা। সেখানে তিনি মজার ছলে গোবিন্দাকে নিয়ে এই মন্তব্য করেন। সুনীতা বলেন, “গোবিন্দা অনেক নায়িকার সঙ্গেই ফ্লার্ট করেছে, কিন্তু সোনালিই একমাত্র নায়িকা, যাকে ফ্লার্ট করার চেষ্টা গোবিন্দা কখনও করেনি।”
সুনীতা আরও বলেন যে, সোনালিকে তিনি প্রথম বড় ব্রেক দিয়েছিলেন। ১৯৯৪ সালের ছবি ‘আগ’-এ গোবিন্দাই সোনালিকে প্রথম বড় সুযোগ দেন। মজার ছলে সুনীতা আরও জানান, গোবিন্দা নাকি প্রায়ই বলেন যে, ছোটবেলায় সুনীতাকে দেখলে তার সোনালির কথা মনে পড়ত। এই পুরোনো দিনের স্মৃতিগুলো রোমন্থন করে সুনীতা বলেন, এই অভিজ্ঞতা তার কাছে খুবই বিশেষ।
১৯৮৭ সালে গোবিন্দা এবং সুনীতা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তখনো গোবিন্দা বলিউডে সুপারস্টার হয়ে ওঠেননি। বিয়ের খবর তারা দীর্ঘ সময় গোপন রেখেছিলেন। এক বছর পর তাদের প্রথম কন্যা টিনা আহুজা জন্মগ্রহণ করলে বিয়ের খবর প্রকাশ্যে আসে। ১৯৯৭ সালে তাদের পুত্র যশবর্ধন জন্মগ্রহণ করেন।
টিনা ইতিমধ্যেই বলিউডে অভিষেক করেছেন, তবে বাবার মতো সাফল্য পাননি। অন্যদিকে, যশবর্ধনও বাবার পথ অনুসরণ করে পরিচালক সাই রাজেশের একটি ছবির মাধ্যমে ফিল্মি দুনিয়ায় পা রাখতে চলেছেন। এখন দেখার, যশবর্ধন তার বাবার মতো খ্যাতি অর্জন করতে পারেন কিনা।