ইতিহাস ছোঁয়ার ২৫ বছর, আমির খানের ‘লগান’ কেন আজও ভারতীয় সিনেমার শেষ কথা?

আজ থেকে ঠিক ২৫ বছর আগে মুক্তি পেয়েছিল আশুতোষ গোয়াড়িকর পরিচালিত এবং আমির খান অভিনীত কালজয়ী ছবি ‘লগান’। আজ এই মহাকাব্যিক সিনেমার রজত জয়ন্তী উৎসব উদযাপন করছে গোটা টিম। সিনেমার ইতিহাসে এই ২৫ বছরে অনেক বদল এসেছে, মারদাঙ্গা অ্যাকশনের ভিড়ে সিনেমার সংজ্ঞা বদলেছে। কিন্তু ‘লগান’ এমন এক ‘এপিক’ যেখানে রক্তপাত বা হিংসা ছাড়াই, স্রেফ ক্রিকেট ব্যাটের লড়াইয়ে ব্রিটিশদের অহংকার চূর্ণ করা হয়েছিল।
২০০১ সালের ১৫ জুন ছবিটির আনুষ্ঠানিক মুক্তির ঠিক আগে দিল্লির এক গ্র্যান্ড প্রিমিয়ারে হাজির হয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। সিনেমা পাগল আডবাণী শো শেষে আমির খানের অভিনয়ের ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, “বহুদিন পর এমন দুর্দান্ত একটা সিনেমা দেখলাম।” স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এই প্রশংসা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আমির। ছবিতে অমিতাভ বচ্চনের সেই গম্ভীর কণ্ঠস্বরের ব্যকগ্রাউন্ড ভয়েসওভার চম্পানের গ্রামের ১৮৯৩ সালের প্রেক্ষাপটকে জীবন্ত করে তুলেছিল।
মজার বিষয় হলো, মুক্তির আগে ট্রেলার বা প্রমোশনের কোথাও বুঝতে দেওয়া হয়নি যে এটি একটি স্পোর্টস ড্রামা এবং এর মূল ভিত্তি হলো ক্রিকেট! আমির খান পরে জানিয়েছিলেন, ছবিটি দিলীপ কুমারের ‘নয়া দৌর’ এবং বিমল রায়ের ‘দো বিঘা জমিন’ দ্বারা অনুপ্রাণিত ছিল। শোলের পর ‘লগান’-ই এমন এক সিনেমা, যা আপামর ভারতবাসীকে এক সুতোয় বেঁধেছিল।