ইউএস ওপেনের রাতে খবরের কাগজের গাউন পরে হইচই ফেলে দিলেন নাওমি ওসাকা! কার টানে এমন রূপ?

ফ্লাশিং মিডোর আর্থার অ্যাশ স্টেডিয়াম। ইউএস ওপেনের রাতের সেশনের রোমাঞ্চকর আবহে টেনিস কোর্টে যখন চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা নাওমি ওসাকা প্রবেশ করলেন, তখন গোটা স্টেডিয়ামের চোখ তাঁর ওপর আটকে যায়। তবে চিরাচরিত টেনিস পোশাকে নয়, একেবারে অন্যরকম এক লুকে ধরা দিলেন এই জাপানি তারকা। তাঁর গায়ে ছিল খবরের কাগজের কাটিং ছাপানো একটি লম্বা সাদা গাউন এবং হুড। এরপর সেই গাউন খুলতেই প্রকাশ পায় কালো রঙের একটি ম্যাচিং আউটফিট এবং তাঁর মাথায় নিখুঁত ‘কর্নরোজ’ হেয়ারস্টাইল। মূলত এনবিএ (NBA) কিংবদন্তি অ্যালেন আইভারসনকে এক অভিনব ও তাক লাগানো সম্মান জানাতেই এমন অদ্ভুত এবং স্টাইলিশ সাজ বেছে নিয়েছিলেন নাওমি।

টুর্নামেন্টের ঠিক আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার সময়ও আইভারসনের ছবি আঁকা শার্ট পরে হাজির হয়েছিলেন তিনি। ফিলাডেলফিয়া ৭৬-এর প্রাক্তন এই তারকাকে নিজের ‘পথপ্রদর্শক’ আখ্যা দিয়ে নাওমি জানান যে তিনি ওনাকে ভীষণ শ্রদ্ধা করেন। ফ্যাশনের দুনিয়ায় আইভারসনের অবদান অনেক এবং তাঁর স্টাইল স্টেটমেন্ট খেলায় পোশাকের ধরণটাই বদলে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে নাওমির এই অভাবনীয় সম্মান প্রদর্শনে উচ্ছ্বসিত খোদ এনবিএ কিংবদন্তি অ্যালেন আইভারসনও। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে নাওমিকে ট্যাগ করে তিনি লেখেন, “ওয়াও, কী দারুণ সম্মান! তোমার অনেক বড় অনুরাগী আমি, খুব শীঘ্রই দেখা করার তর সইছে না।” নিজের এই ফ্য়াশন স্টেটমেন্ট নিয়ে নাওমি সাফ জানান যে তিনি কাউকে চমকে দেওয়ার জন্য কিছু করেন না, বরং যা ভালোবাসেন সেটাই করেন।

শুধু ফ্যাশন বা স্টাইলই নয়, ইউএস ওপেনের টেনিস কোর্টেও নিজের দুর্দান্ত দাপট বজায় রেখেছেন ২৮ বছর বয়সি নাওমি ওসাকা। টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ম্যাচে আনাস্তাসিয়া জাখারোভাকে স্ট্রেট সেটে পরাজিত করেন তিনি। তবে এই জয়টি মোটেও সহজ ছিল না। প্রথম সেটে ৫-২ এবং দ্বিতীয় সেটে ৫-৩ গেমে এগিয়ে থেকেও লড়াই ছাড়েননি ১০১ নম্বর বাছাই জাখারোভা। যার ফলে দুটি সেটই তীব্র লড়াইয়ের পর টাইব্রেকে গড়ায়। দীর্ঘ দু’ঘণ্টারও বেশি সময় ধরে চলা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত টাইব্রেক জিতে ম্যাচটি নিজের পকেটে পুড়েন প্রাক্তন এই চ্যাম্পিয়ন। ২০১৮ ও ২০২০ সালের নিউইয়র্কের এই ঐতিহাসিক কোর্টেই চ্যাম্পিয়ন হওয়ার মিষ্টি স্মৃতি রয়েছে তাঁর। ম্যাচ শেষে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে জানান যে এই কোর্টেই তিনি সবথেকে বেশি স্বচ্ছন্দ বোধ করেন।

খেলার মাঠের পাশাপাশি ফ্যাশন ও ব্যবসার দুনিয়াতেও নিজের সাম্রাজ্য বিস্তারের কাজ চালিয়ে যাচ্ছেন নাওমি। নিউইয়র্কে অনুশীলনের ফাঁকে সাউদাম্পটনে গিয়ে তিনি নিজের ডিজাইন করা একটি নতুন হ্যান্ডব্যাগের মডেল প্রকাশ্যে এনেছেন। টেনিসের পাশাপাশি নিজস্ব একটি শক্তিশালী ব্র্যান্ড তৈরি করাই তাঁর বর্তমান জীবনের অন্যতম বড় স্বপ্ন। সম্প্রতি একটি ফরচুন সামিটে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান যে, একজন সফল টেনিস খেলোয়াড় হওয়ার সুবাদে তিনি বিনিয়োগের বহু সুযোগ পেয়েছেন, তবে এখন তিনি নিজের কিছু তৈরি করতে চান এবং তার জন্য নিজের সমস্ত শক্তি ও এনার্জি ঢেলে দিতে প্রস্তুত।